জ্বালানি সরবরাহ ঠিক হয়ে আসছে: জ্বালানিমন্ত্রী
কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সঠিকভাবে হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
দুর্যোগ উৎরে জ্বালানি সরবরাহ ঠিক হয়ে আসছে বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
প্রধানমন্ত্রীর নির্দেশনা ও দূরদর্শী নেতৃত্বের কারণেই সাময়িক জ্বালানি সংকটের দ্রুত সমাধান সম্ভব হয়েছে বলেও দাবি তার।
সচিবালয়ে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলছিলেন তিনি।
মন্ত্রী বলেন, “ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের প্রধান উৎস মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকল্প উৎস খুঁজতে গিয়ে একটু সময় লেগেছিল। জ্বালানি ক্রয় করা সত্ত্বেও প্রতিকুল পরিস্থিতির কারণে দেশে আনা সম্ভব হয়নি। এর মধ্যে আবার এফএসআরইউতে দুর্ঘটনার কারণে সরবরাহ পরিস্থিতি আরও খারাপ হয়। জনগণের অনাকাঙ্খিত ভোগান্তি হয়।
“বর্তমানে সেসব দুর্যোগ উৎরে জ্বালানি সাপ্লাই লাইন ঠিক করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে। যে সাময়িক পরিস্থিত তৈরি হয়েছিল তা পৃথিবীর বিভিন্ন দেশেও হয়েছে। তারপরও আমাদের জনগণ যে কষ্ট করেছে, সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কারণ জনগণ আস্থা রেখে আমাদের ভোট দিয়েছে।”
নির্বাচিত সরকার কখনো জনদুর্ভোগ চায় না মন্তব্য করে তিনি বলেন, “যোগান ঘাটতি ও দুর্ঘটনার জন্য সংকট সমাধানে বিলম্ব হয়েছে। জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় জনগণের যে ক্ষতি হয়েছে, সে জন্য আমরা আবারো আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
“জনগণ যেন কোনোরকম ভোগান্তির শিকার না হয় সে জন্য আমরা সচেষ্ট আছি। আশা করি, আগামীতে অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সঠিকভাবে সরবরাহ করতে পারব। সামনের দিনগুলো আমরা ভালোভাবে চালাতে পারব।”
