বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
বগুড়ার বাসায় হৃদরোগে আক্রান্ত হলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয় পাভেলকে।
রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকাল পৌনে ৫টায় হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।
“প্রধানমন্ত্রী চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন।”
শুক্রবার পাভেল বগুড়ায় নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হলে সেখানকার টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়।
হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মমিন উজ্জামানের তত্ত্বাবধায়নে রয়েছেন তিনি।
