২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম চালু থাকুক: ইইউ রাষ্ট্রদূত

“বিচার বিভাগ, বাণিজ্য আদালত, অভিবাসী ব্যবস্থাপনা বিষয়ে নেওয়া সংস্কার কার্যক্রম যেন ঠিক জায়গায় থাকে, আমরা সেই প্রতীক্ষায় আছি।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 08:36 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নেওয়া সংস্কার কার্যক্রম বাংলাদেশের নতুন সরকারও অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

ঢাকা ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের নিয়ে সোমবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ কথা বলেন।

নতুন সরকারের সঙ্গে কাজের অগ্রাধিকারের বিষয়ে এক প্রশ্নে মাইকেল মিলার বলেন, “আমরা নতুন সরকারের দিকে তাকিয়ে আছি, যেন তারা পূর্ববর্তী সরকারের চালু করা একগুচ্ছ সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যায়।

“বিচার বিভাগ, বাণিজ্য আদালত, অভিবাসী ব্যবস্থাপনা বিষয়ে নেওয়া সংস্কার কার্যক্রম যেন ঠিক জায়গায় থাকে, আমরা সেই প্রতীক্ষায় আছি। এগুলো আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইইউ-বাংলাদেশ সম্পর্কের পূর্ণ সম্ভাবনা কাজ লাগাতে চাই আমরা।”

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে প্রথমে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং তারপর পররাষ্ট্রমন্ত্রী খলিলের সঙ্গে সাক্ষাৎ করেন আটজন রাষ্ট্রদূত।

ঢাকায় জার্মানি, ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, স্পেন এবং সুইডেনের রাষ্ট্রদূতেরা এ সময় মাইকেল মিলারের সঙ্গে ছিলেন।

বৈঠকের বিষয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার, সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ও গুরুত্বপূর্ণ দাতা এবং নবনির্বাচিত সরকারের খুবই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক অংশীদার হিসাবে আমরা এখানে এসেছি।

“এই বৈঠকের জন্য আমরা আনন্দিত। সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা এবং ইইউ-বাংলাদেশ সম্পর্ককে জোরদার করার প্রতীক্ষায় আছি আমরা।”

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের পর ইউরোপীয় বাজারে জিএসপি প্লাস সুবিধা এবং শ্রম সংক্রান্ত বিষয় আলোচনায় ছিল কি-না জানতে চাইলে তিনি বলেন, “কোনো ইস্যুই আলোচনার টেবিলের বাইরে ছিল না। 

“ইইউ-বাংলাদেশ সম্পর্কের বিস্তৃত প্রকৃতি নিয়ে আমরা কথা বলেছি: রাজনীতি, নিরাপত্তা, বাণিজ্য, উন্নয়ন, মানবিক সহায়তার বিষয় এবং অভিবাসন প্রভৃতি।”

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অংশীদারত্ব সহযোগিতা চুক্তির (পিসিএ) দরকষাকষি শেষ হয়ে এখন তা স্বাক্ষরের পর্যায়ে রয়েছে।

চুক্তি সইয়ের দিনক্ষণ নিয়ে এক প্রশ্নে মাইকেল মিলার বলেন, “যেভাবে আমি বলেছি, আজকে সবকিছুই আলোচনার টেবিলে ছিল। আসলেই একটা ফলপ্রসূ বৈঠক ছিল এটা। আমাদের অংশীদারত্ব সহযোগিতা চুক্তির (পিসিএ) চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আমরা আশা করি, খুবই নিকট ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে আমরা চুক্তি সই করতে পারব।”

মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে আলোচনা প্রসঙ্গে আরেক প্রশ্নে তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে মৌলিক স্বাধীনতার বিষয়গুলো অগ্রভাগে থাকে। হ্যাঁ, যেসব বিষয় আপনি বলেছেন, সবগুলো বিষয়ে আমরা কথা বলেছি।”

এর আগে সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং কমিশন সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করেন মাইকেল মিলার।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মত স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনেও নির্বাচন কমিশনকে সহায়তা অব্যাহত রাখার কথা বলেছে ইউরোপীয় ইউনিয়ন।