Published : 16 Sep 2025, 05:37 PM
সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার এক অফিস আদেশে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী।
পরে ৯ সেপ্টেম্বর মহাপরিচালক পদে নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। পুনর্গঠন করা হয় শিল্পকলা একাডেমির পরিষদ।
মহাপরিচালক পদ থেকে গত ২৮ ফেব্রুয়ারি সৈয়দ জামিল আহমেদের পদত্যাগ করেন। এরপর ৪ মার্চ ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।
ওয়ারেছ হোসেনকে সরিয়ে প্রায় ছয় মাস পর সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজকে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। ওয়ারেছ হোসেন শিল্পকলার সচিব পদে কর্মরত।
দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথম কার্যদিবসে শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন নবনিযুক্ত মহাপরিচালক।

এ সময় আবুল ফয়েজ বলেন, “বাংলাদেশ শিল্পকলা একাডেমি যেহেতু একটি জাতীয় প্রতিষ্ঠান; তাই সারা দেশের সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্কৃতি মানে হল, মানুষের মধ্যে যে নান্দনিকতা অথবা অমঙ্গলের বিরুদ্ধে যে মঙ্গল অথবা অশান্তির বিরুদ্ধে যে শান্তি, মানুষে মানুষে বিভেদ দূর করে তাদের মধ্যে এক ধরণের সম্প্রীতি তৈরি করা।
“এই সবকিছুর জন্য সংস্কৃতি চর্চার ভীষণ প্রয়োজন। একজন শিল্পী যখন শৈল্পিকতার মাধ্যমে তার পরিবেশনা উপস্থাপন করেন সেগুলো মানুষকে আপ্লুত করে, মানুষকে হৃদয়ের কাছাকাছি যাওয়ার একটা জায়গা করে দেয়।”
শিল্পকলা একাডেমির কর্মীদের শুধুমাত্র চাকরি বিবেচনা না করে এই কাজকে ‘মিশন এবং ভিশন’ হিসেবে নেওয়ার আহ্বান জানান তিনি।
মহাপরিচালক বলেন, “মিশন ও ‘ভিশনকে’ একত্রিত করে বাংলাদেশের মানুষকে অপসংস্কৃতির হাত থেকে দূরে এনে সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে পারেন এবং এই ধারাটা বজায় রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়।”
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) মু. বিল্লাল হোসেন খান, উপসচিব (উন্নয়ন ও পরিকল্পনা শাখা-২ এবং অতিরিক্ত দায়িত্ব শিল্পকলা শাখা) মৌসুমী সরকার রাখী।
এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি এবং অর্থ উপবিভাগের উপপরিচালক সরকার জিয়া উদ্দিন আহাম্মদও বক্তব্য দেন।
নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দিনের সঞ্চালনায় সে আয়োজনে উপস্থিত ছিলেন প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান, প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান, চারুকলা বিভাগের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) প্রদ্যোত কুমার দাস, প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা, সংগীত নৃত্য ও আবৃত্তি বিভাগের উপ পরিচালক বেগম শামীমা আক্তার জাহান, প্রশাসন বিভাগের উপপরিচালক জি. এম. জাকির হোসেন।
পুরনো খবর:
প্রকাশ্য অনুষ্ঠানে পদত্যাগপত্র, চার শর্ত মানলে ফিরবেন জামিল আহমেদ
জামিল আহমেদের পদত্যাগ নিয়ে যা বললেন ফারুকী