Published : 09 Jul 2026, 05:42 PM
ইংরেজি দৈনিক ডেইলি স্টারের অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন বলে আসামিপক্ষের আইনজীবী মোফাজ্জল হোসেন জানান।
গত ৭ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের এসআই জহিরুল ইসলাম আসামিকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন বৃহস্পতিবার।
সাইফুল এসকেএম লেদার লিমিটেড নামে একটি জুতা কোম্পানির মালিক। ‘হামলার ঘটনার তথ্য প্রমাণের ভিত্তিতে’ ৩২ বছর বয়সী সাইফুলকে গত ৬ জুলাই রাতে কামরাঙ্গীর চরের পূর্ব রসুলপুর এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। আদালত ৯ জুলাই শুনানির দিন ঠিক করে সাইফুলকে কারাগারে পাঠায়।
গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও জুলাই আন্দোলনের মুখ শরিফ ওসমান হাদি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ১৯ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে উসকানিমূলক নানা স্লোগান দিয়ে একদল লোক রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত ডেইলি স্টার ভবনে হামলা চালায়।
মামলার অভিযোগে বলা হয়, হামলাকারীরা প্রতিষ্ঠানের কর্মীদের ওপর শারীরিকভাবে আক্রমণ করে। তারা নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জাম লুট করাসহ ভবনের একাধিক তলায় আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও সিসিটিভিসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নষ্ট করে ফেলে। এতে পাঁচ কোটি টাকা মূল্যের ২০০টির বেশি ইলেকট্রনিক ডিভাইস এবং ৩৫ লাখ টাকা নগদ অর্থ লুট করা হয়।
একই দিন দৈনিক প্রথম আলো পত্রিকা অফিসেও হামলা ভাংচুর চালায় দুষ্কৃতকারীরা।
ডেইলি স্টারের দাবি, এই হামলায় সব মিলিয়ে প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ২২ ডিসেম্বর ডেইলি স্টারের হেড অব অপারেশনস মিজানুর রহমান তেজগাঁও থানায় মামলা করেন।
বৃহস্পতিবার শুনানিকালে গ্রেপ্তার সাইফুলকে আদালতে হাজির করা হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মোফাজ্জল হোসেন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করে বলেন, “আসামি একজন ব্যবসায়ী। ব্যবসার কাজেই তিনি ওইদিন (হামলার দিন) কারওয়ান বাজারে গিয়েছিলেন। ওইদিন হাদির মৃত্যু ঘিরে একটি মব সৃষ্টি হয়।
“প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে অনেকেই প্রকাশ্যে লেখালেখি করেছেন। তাদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি। এ আসামি ঘটনার সঙ্গে জড়িত নন। লুটপাট, অগ্নিসংযোগ বা ভাঙচুরের সঙ্গেও তিনি জড়িত নন। তার রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করছি।
শুনানি নিয়ে আদালত সাইফুলকে ২ দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
এ মামলায় এখন পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।