২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণ করে জামিন পেলেন ডাকের সাবেক ডিজি সুধাংশু

আগাম জামিনে থাকায় গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর সুধাংশু শেখর ভদ্রকে ছেড়ে দেওয়া হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2024, 07:43 PM

Updated : 26 Aug 2026, 10:48 AM

সার্ভার ও ইউপিএস কেনার অর্থ নয়-ছয় করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন-দুদকের মামলায় জামিন পেয়েছেন ডাক বিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্র।

সোমবার আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চান তিনি। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। 

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন জামিনের আদেশ দেন।

একটি প্রকল্পের ১৫ কোটি ১১ লাখ টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও প্রকল্প পরিচালক সুধাংশু শেখর ভদ্র এবং ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোস্তাক আহমেদের বিরুদ্ধে গত ২০ অগাস্ট মামলা করে দুদক।

১৫ অক্টোবর রাতে সুধাংশুকে গ্রেপ্তার করা হয়। কিন্তু গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। 

কারণ তিনি দুই মাসের আগাম জামিনে ছিলেন। দুদকের কর্মকর্তারা সে সময় দাবি করেছিলেন, সুধাংশুর আগাম জামিনের বিষয়টি তারা জানতেন না। গ্রেপ্তারের সময় তিনি কিছু বলেননি। 

মামলায় অভিযোগ করা হয়েছে, 'পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি' শীর্ষক প্রকল্পের আওতায় ১৫ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা থেকে ৫০০টি এইচপি সার্ভার এবং উইনার ইউপিএসসহ অন্যান্য ইলেট্রেনিক সামগ্রী কেনা হয়। পরে জেলা ও উপজেলা পর্যায়ে ডাকঘরগুলোতে বিতরণ করা হয় সেসব সরঞ্জাম।

“প্রকল্পের আওতায় সংগৃহীত এসসব যন্ত্রের কোনটিই ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোনো কোনো ক্ষেত্রে মেশিন ও যন্ত্রাংশ প্যাকেটজাত অবস্থাতেই পড়ে ছিল। এসব মেশিন কী কাজে ব্যবহার করা হবে তার কোনো নির্দেশনা প্রকল্প কর্তৃপক্ষ না দেওয়ায় যন্ত্রগুলো কোনো কাজে আসেনি।“

এসব কারণে সুধাংশের বিরুদ্ধে সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯ এর ২৩ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তিনি সরকারি অর্থের অপব্যবহার করে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২০ সালে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল সুধাংশু শেখর ভদ্রকে।