Published : 29 Aug 2026, 04:48 PM
ঢাকার যাত্রাবাড়ী থানা থেকে পালিয়ে যাওয়া নারীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসিকিউশন পুলিশের এসআই মহিন উদ্দিন এতথ্য দিয়েছেন।
শুক্রবার রাত ১২টার দিকে কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে আসামি মিতুকে গ্রেপ্তার করা হয়, যিনি জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে ছিলেন।
গ্রেপ্তারের পর শনিবার মিতুকে আদালতে তুলে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই সৌমিত্র সরকার।
আবেদনে বলা হয়, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তারের পর ২৪ অগাস্ট মিতুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা এসআই হাসান কবির আসামিকে থানায় নিয়ে আসেন। এসময় মিতুর সঙ্গে তার শিশু সন্তানও ছিল।
পুলিশের ভাষ্য, ২৭ অগাস্ট সকালে রিমান্ড শেষে আদালতে পাঠানোর আগে শারীরিক পরীক্ষার জন্য মিতুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে সকাল সাড়ে ৭টার দিকে থানায় নিয়ে আসা হয়। এক নারী কনস্টেবলের পাহারায় থানার নারী ও শিশু হেল্প ডেস্কে ছিলেন মিতু। সকাল সাড়ে ৭টার দিকে তিনি কৌশলে দরজা খুলে শিশু সন্তান নিয়ে পালিয়ে যান বলে আবেদনে বলা হয়।
এদিন আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে জানিয়েছেন এসআই মহিন উদ্দিন।
হেফাজত থেকে পালানোর ঘটনায় শুক্রবার যাত্রাবাড়ী থানায় এসআই খন্দকার আবু সালেহ নাঈম মামলা দায়ের করেন।
পুরনো খবর