মাদক-দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে পারিনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ নিয়ে উপদেষ্টা বলেন, ‘এখন অনেক বদি হয়ে গেছে’।
মাদক ও দুর্নীতিকে ‘দেশের শত্রু’ বর্ণনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ দুটিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
বুধবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, “মাদক ও দুর্নীতি আমরা কন্ট্রোলে আনতে পারিনি। নিরাময় কেন্দ্র করে সমস্যা সমাধান করা যাবে না।”
‘মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ ঘিরে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ৩২টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিদের হাতে তিনি আর্থিক অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারতে মাদকের ছোট ছোট কারখানা গড়ে তোলা হয়েছে শুধু আমাদের দেশে পাচার করার জন্যই। এসব ফেনসিডিলের কারখানার বিষয়ে তাদেরকে বললে তারা অস্বীকার করে।”
‘পার্শ্ববর্তী দেশ থেকে ইয়াবা আসছে’- এক সাংবাদিকের এ কথায় উপদেষ্টা বলেন, “অন্য দেশের একটা বাহিনী ও তারা পুরো নির্ভর করে এটার (ইয়াবা) উপরেই। এটা থেকে তারা আয় করে ঘর সংসার সব চালাচ্ছে। এসব বন্ধের ব্যাপারে চেষ্টা করা হচ্ছে।”
মাদকের সঙ্গে জড়িত ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
“…মাদকের জায়গায় যারা গডফাদার, তারা তারকা হোটেলে বসে থাকে। তারা আমাদের কারও না কারো সাথে চা খেয়ে থাকে। মাদক বহনকারীদের ধরে লাভ নাই, যেভাবেই হোক গডফাদারদের ধরতে হবে।”
কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন অনেক বদি হয়ে গেছে’।
রাজধানীতে বিভিন্ন বারে অভিযানের ব্যাপারে অনুষ্ঠানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ সাংবাদিকদের বলেন, “এ ব্যাপারে আমাদের সীমিত লোকজন নিয়ে নিয়মিত অভিযান চলছে।”
‘বারগুলো থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন অর্থ নিয়ে থাকে’- এমন অভিযোগের ব্যাপারে মহাপরিচালক বলেন, “এখানে আমাদের অফিসাররা আছে, সংবাদ মাধ্যমের লোকজন আছে, অন্যান্য গোষ্ঠীর লোকজন আছে। সবাই মিলে এটা চলে।”
বনানীতে পরপর দুইটি অভিযানের বিষয়ে তিনি বলেন, “যে সব জায়গায় আমরা অভিযান চালিয়েছি কিন্তু পরে দেখা গেল সেখানে অনেক গোষ্ঠী, সমাজে যারা বসবাস করে...তারাই। তাদের সাথেই আমাদের যুদ্ধ।”
এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “উচ্চ শ্রেণীরা আমাদের সাথে ঘোরাফেরা করছে। এই শ্রেণীর দিকে আমাদের টার্গেট বেশি করতে হবে।”
