নিখোঁজদের সন্ধানে ওয়ালটন ও মুন অ্যালার্টের উদ্যোগ
সাতশোর বেশি ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে যাচাই করা নিখোঁজ ব্যক্তিদের ছবি ও প্রয়োজনীয় তথ্য নিয়মিত প্রচার করা হবে।
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে ‘দ্রুত’ খুঁজে পেতে ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা ও জরুরি তথ্য প্রচারকারী প্ল্যাটফর্ম ‘মুন অ্যালার্ট’ যৌথ উদ্যোগে একটি কাজ হাতে নিয়েছে।
তা হল ‘মিসিং পারসনস ব্রডকাস্ট’ চালু করেছে।
এর আওতায় দেশজুড়ে ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে যাচাই করা নিখোঁজ ব্যক্তিদের ছবি ও প্রয়োজনীয় তথ্য নিয়মিত প্রচার করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে বলেছে ওয়ালটন।
ঢাকার ওয়ালটন করপোরেট অফিসে সোমবার ওয়ালটন প্লাজা এবং মুন অ্যালার্টের মধ্যে এক পারস্পরিক সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান এবং মুন অ্যালার্ট এর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান জিরো মিসিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদাত রহমান।
সে সসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ক্রিয়েটিভ পার্টনার পপ-ফাইভ এর চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা।
ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান বলেন, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ হাতের কাছের ওয়ালটন প্লাজায় গিয়ে সর্বশেষ নিখোঁজ ব্যক্তিদের তথ্য দেখতে পারবেন।
পাশাপাশি মুন অ্যালার্টের হেল্পলাইন ১৩২১৯ ও ওয়েব পোর্টালের মাধ্যমে নিখোঁজ ব্যক্তির বিষয়ে তথ্য অনুসরণ করতে পারবেন।
