আরো একটি হত্যা মামলায় গোলাম দস্তগীর গ্রেপ্তার
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সাইফুল ইসলাম এ আদেশ দিয়েছেন।
আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে এবার বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে এক পরিবহন শ্রমিক নেতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলাম মঙ্গলবার এ আদেশ দেন।
এদিন সকালে নারায়ণগঞ্জ কারাগার থেকে কড়া নিরপত্তার মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় গোলাম দস্তগীর গাজীকে। এরপর শুনানি নিয়ে তাকে খিলগাঁও থানার এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক।
গত ২৫ অগাস্ট থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় ছয় দিনের রিমান্ডে ছিলেন দেশের অন্যতম শিল্পগোষ্ঠী গাজী গ্রুপের কর্ণধার ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী।
এরপর ৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় গোলাম দস্তগীরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই মো. আজিজুল হক ভূঁইয়া।
একই মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকেও গ্রেপ্তার দেখানোর জন্য আলাদা একটি আবেদন করা হয়।
দুই আবেদনের প্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর হাকিম সাইফুর রহমান উভয় আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দিয়ে ১৮ সেপ্টেম্বর শুনানির তারিখ রাখেন।
১৮ সেপ্টেম্বর সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হলেও গোলাম দস্তগীরকে সেদিন আদালতে হাজির করা হয়নি।
ওইদিন ঢাকার মহানগর হাকিম মো. জাকী-আল-ফারাবী সালমানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে গোলাম দস্তগীরকে আদালতে হাজির করার নির্দেশ দেন। এছাড়া মাহমুদ হত্যা মামলায় গোলাম দস্তগীরের গ্রেপ্তার আবেদনের শুনানির তারিখ ঠিক করেন ২৩ সেপ্টেম্বর।
কিন্তু ওই তারিখেও সাবেক এই মন্ত্রীকেও আদালতে হাজির না করায় বিচারক সাইফুর রহমান শুনানির পরবর্তী তারিখ দেন মঙ্গলবার।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৩১ জুলাই রাত দেড়টার দিকে বাসা থেকে বের হয়ে হাসান মাহমুদ আর বাড়ি ফেরেননি। পরে তাকে খোঁজাখুজি করার পর তার স্ত্রী জানতে পারেন যে, সাদা পোশাক পরা অস্ত্রধারী অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তি মাহমুদকে তুলে নিয়ে গিয়েছে।
পরদিন গোড়ান ছাপড়া মসজিদের সামনে রাস্তা থেকে মাহমুদকে তার স্ত্রী উদ্ধার করে মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মাহমুদকে মৃত ঘোষণ করেন।
