৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

উত্তরায় এক কেজি ‘আইস’সহ গ্রেপ্তার ১

টেকনাফের এক মাদক কারবারির কাছ থেকে সংগ্রহ করে এসব মাদক বলে জানায় পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2023, 10:13 PM

Updated : 10 Oct 2023, 10:13 PM

ঢাকার উত্তরার আব্দুল্লাহপুর থেকে মাদক আইসসহ একজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

সোমবার রাতে আব্দুল্লাহপুরের পলওয়েল কারনেশন সেন্টারের সামনে থেকে ইফতেখার উদ্দিন সাকিব নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার দুপুরে জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম।

তিনি জানান, রাত ১১টার দিকে উত্তরা-পূর্ব থানার একটি টহল পুলিশ দলের নিয়মিত তল্লাশির সময় সাকিব দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা প্লাস্টিক ব্যাগে এক কেজি আইস পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে তিনি জানান, সাকিবের বাড়ি চট্টগ্রামের টেকনাফের সাতকানিয়ায়। উত্তরার ৫ নম্বর সেক্টরে বসবাস করে সেখানে একটি মাদক কারবারি চক্র গড়ে তোলেন। সাকিব আইস টেকনাফের এক মাদক কারবারির কাছ থেকে সংগ্রহ করে। ঢাকা নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করা ছিল তার উদ্দেশ্য।

পুলিশ কর্মকর্তা মোর্শেদ আলম বলেন, চক্রটি মূলত ফেইসবুকে ম্যাসেঞ্জার গ্রুপ খুলে অর্ডার নিতেন এবং নারী ডেলিভারিম্যান দিয়ে মাদক সরবরাহ করত। সন্দেহ এড়াতে তারা মবিলের কার্টুনের ভিতরে মাদক পরিবহন করত।

সাকিবের বিরুদ্ধে উত্তরা-পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।