সাবেক স্বরাষ্ট্র সিনিয়র সচিব জাহাঙ্গীর এবার রিকশা চালক হত্যা মামলায় গ্রেপ্তার
এদিন জাহাঙ্গীর আলমকে হুইল চেয়ারে করে আদালতে হাজির করা হয়।
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে এবার জুলাই আন্দোলন ঘিরে এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।
জাহাঙ্গীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী এ তথ্য জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের ইন্সপেক্টর মোহসীন উদ্দিন গত ১১ মে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন বুধবার।
এদিন শুনানিকালে জাহাঙ্গীর আলমকে হুইল চেয়ারে করে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।
মামলায় বলা হয়েছে, “চব্বিশে সরকার পতনের দিন সদরঘাট এলাকায় আন্দোলন চলাকালে বিনা উস্কানিতে ছাত্র জনতার আন্দোলনে অবৈধ অস্ত্রসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ লাঠিসোটা, হকিস্টিক ও মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে সমাবেশে আক্রমণ করে, এলোপাতারি গুলি ছোঁড়ে। আসামিদের ছোড়া গুলি রিকশা চালক রিপনের (৩৬) লাগে। তাকে উদ্ধার করে লোকজন স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রিপনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৭ অগাস্ট মারা যান রিপন।”
এ ঘটনায় ওই বছরের ২৮ অগাস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের নাম উল্লেখ করে এবং ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতয়ালী থানায় মামলা করেন রিপনের স্ত্রী শামীমা আকতার।
