ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়ে প্রশাসকের ঝটিকা সফর, ২৫ শতাংশ কর্মী অনুপস্থিত
৯টা ২ মিনিটে কার্যালয়ে প্রবেশ করে মূল ফটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন প্রশাসক মো. আব্দুস সালাম।।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি আঞ্চলিক কার্যালয়ে ঝটিকা পরিদর্শনে গিয়ে প্রায় ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পেয়েছেন সংস্থাটির প্রশাসক মো. আব্দুস সালাম।
এসব অনুপস্থিত কর্মীর বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে ডিএসসিসির ৫ নম্বর আঞ্চলিক কার্যালয়ে পরিদর্শনে যান প্রশাসক।
বিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানিয়েছে, সকাল ৮টা ৫০ মিনিটে ৫ নম্বর আঞ্চলিক কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে কর্মীদের আগমন পর্যবেক্ষণ করেন মো. আব্দুস সালাম।
এরপর ৯টা ২ মিনিটে কার্যালয়ে প্রবেশ করে মূল ফটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন, যাতে দেরিতে আসা কেউ ভেতরে ঢুকতে না পারেন।
কার্যালয়ের প্রতিটি কক্ষ ও হাজিরা খাতা যাচাই করে প্রায় ২৫ শতাংশ কর্মীর অনুপস্থিতি দেখতে পান প্রশাসক।
এ সময় অনুপস্থিতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলীকে নির্দেশ দেন তিনি।
আঞ্চলিক কার্যালয় পরিদর্শনের পর প্রশাসক ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের শাহজাহানপুর এলাকায় পরিচ্ছন্নতা কর্মীদের উপস্থিতিও তদারকি করেন।
সেখানেও পরিচ্ছন্নতা কর্মীদের অনুপস্থিতি দেখতে পেয়ে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদারকে বিষয়টি খতিয়ে দেখে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
পরে প্রশাসকের নেতৃত্বে মতিঝিল পীর জঙ্গির মাজার থেকে শুরু করে আইডিয়াল স্কুল, ফকিরাপুল, আরামবাগ ও দৈনিক বাংলা হয়ে বঙ্গভবন পর্যন্ত এলাকার ফুটপাতে উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় অবৈধ দোকানপাট ও সাময়িক স্থাপনা উচ্ছেদ করা হয়।
নাগরিক সেবায় কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না সতর্ক করে প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, "সিটি করপোরেশনের নিজস্ব কর্মচারী কিংবা বাইরের কোনো পক্ষ- জনভোগান্তি সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি সেবায় শৃঙ্খলা ফেরাতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।"
