২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডোমদের জন্যও কাজ করবে সরকার: নাহিদ ইসলাম

পোস্তগোলা শ্মশান ঘাটে একতা ডোম সমাজ যুব পূজা কমিটির মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2024, 10:53 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

দীর্ঘদিন থেকে বঞ্চনার মধ্যে থাকা ডোম জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে সরকার বলে তাদের আশ্বস্থ করেছেন তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর সূত্রাপুরের পোস্তগোলা শ্মশান ঘাটে একতা ডোম সমাজ যুব পূজা কমিটি আয়োজিত দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি।

তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ বলেন, “ডোম জনগোষ্ঠী যেভাবে আমাকে সন্তান হিসেবে গ্রহণ করলেন তার জন্য আমি কৃতজ্ঞ। নতুন বাংলাদেশের জন্য আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি সেভাবেই সামনের দিনগুলোতে কাজ করে যাব। 

”দেশের নানা ধর্ম বর্ণের জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি। গত ৫০ বছরে আমাদের মধ্যে অনেক ভেদাভেদ, বৈষম্য, বঞ্চনা তৈরি হয়েছে। সামনের দিনগুলোতে সকল বৈষম্য দূর করে সমমর্যাদার বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে।”

ডোম সম্প্রদায়ের এ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে ওয়ারীতে রবিদাস পাড়ায় রবিদাস জিউ মন্দির পরিদর্শন করেন উপদেষ্টা।

এসময় তিনি বলেন, ”গত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার যে নির্যাতন চালিয়েছে তার শিকার সব সম্প্রদায়ের মানুষ হয়েছে। সামনের বাংলাদেশে সব ধর্মীয় অধিকার নিশ্চিত করতে একসাথে কাজ করতে হবে। 

”সমাজের সর্বস্তর থেকে যদি আমরা বৈষম্য দূর করতে না পারি তাহলে প্রকৃত স্বাধীনতা এবং গণতন্ত্র অর্জন সম্ভব হবে না।”