Published : 18 Jun 2026, 02:18 PM
অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে সিআইডি।
গ্রেপ্তাররা হলেন—রাকিবুল হোসেন (২৬) ও (২) মো. রনি ইসলাম ওরফে খাজা মোহাম্মদ আলী (১৯)।
সিআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ জুন যাত্রাবাড়ী থানার একটি মামলার তদন্ত করতে গিয়ে জানা যায়, খাজা মোহাম্মদ আলী পরিচয়ে এক ব্যক্তি বাদীর কাছ থেকে দেড় লাখ টাকা নেন। অর্থ আদায়কারী ব্যক্তি নিজেকে অস্ট্রেলিয়া প্রবাসী বলে পরিচয় দিয়ে আসছিলেন।
“মোবাইল ফোন, ইমু, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে অস্ট্রেলিয়ায় নেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং বিভিন্ন প্রসেসিং, অনলাইন আবেদন, ফরম পূরণ ও ভিসা সংক্রান্ত খরচের কথা বলে অর্থ দাবি করে।”
মামলার তদন্ত করতে গিয়ে সিআইডি পুলিশ বুধবার নীলফামারীর সৈয়দপুর থানার কামারপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে রাকিবুল ও রনিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন ও ১২টি সিম কার্ড জব্দ করা হয়।