১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তৃতীয় ধাপের হালনাগাদে ১৩ লাখের বেশি নতুন ভোটার: ইসি সচিব

সব মিলিয়ে এখন দেশে ভোটার হবে পৌনে ১৩ কোটির বেশি।

তৃতীয় ধাপের হালনাগাদে ১৩ লাখের বেশি নতুন ভোটার: ইসি সচিব
.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 07:31 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অক্টোবরের মধ্যে ১৮ বছর বয়সীদের ভোটার তালিকায় যুক্ত করার কাজ শেষে খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সবশেষ হালনাগাদ এ তালিকায় ভোটার হিসেবে যুক্ত হবেন আরও ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।

রোববার এ তথ্য দিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে ব্রিফিংয়ে জানান, ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হালনাগাদ কার্যক্রমে নতুন যুক্ত হয়েছেন তারা। আপত্তি-নিষ্পত্তি শেষে ১৮ নভেম্বর চূড়ান্ত এ তালিকা প্রকাশ করা হবে।

তিনি বলেন, নতুনদের নিয়ে এখন দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াবে ১২ কোটি ৭৬ লাখেরও বেশি।

আওয়ামী লীগ সরকার ২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি গঠন করা হয়, যাদের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে।

ফেব্রুয়ারির প্রথমার্ধের এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথমার্ধে।

এ নির্বাচনকে সামনে রেখে এর আগে এ বছরের ২ মার্চ এক দফা ভোটার তালিকা হালনাগাদ করা হয়। এরপর ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় দফা হালনাগাদ চলে; এতে বাদ পড়া ও ১৮ বছরের বেশি বয়সীদের অন্তর্ভুক্ত করা হয়। এটির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় অগাস্টে।

তৃতীয় ধাপের হালনাগাদে বাদ পড়া এবং ৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ বছর হয়েছে তাদের যুক্ত করা হয়। এ সংখ্যা ১৩ লাখের বেশি।

রোববার ইসি সচিব আখতার আহমেদ জানান, সব মিলিয়ে এখন দেশে ভোটার সংখ্যা দাঁড়াবে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।

বিদেশের ২১ মিশনে নিবন্ধন চলমান

এবার প্রবাসী বাংলাদেশিদের ভোট নিশ্চিত করতে পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রবাসে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন অ্যাপে নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

এ লক্ষ্যে ১৬ নভেম্বর নিবন্ধন অ্যাপ উন্মোচন করার তথ্য দেন ইসি সচিব আখতার।

তিনি বলেন, নিবন্ধন অ্যাপের কার্যক্রম শুরুর উদ্বোধন অনুষ্ঠানে কোন সময় পর্যন্ত নিবন্ধন করা যাবে তা জানানো হবে।

এরইমধ্যে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা ১১টি দেশের ২১টি অফিসে চলমান থাকার তথ্য দিয়ে সচিব বলেন, তারা ভোটার হওয়ার পর নিবন্ধন করলে ভোট দিতে পারবেন। পাশাপাশি প্রবাসী ভোটাররা অ্যাপে নিবন্ধন করলে তারাও ভোট দিতে পারবেন।

কম বয়সীরা এনআইডি পেলেও তাদের ভোট দেওয়ার সুযোগ না থাকার বিষয়টি স্পষ্ট করেন ইসি সচিব।

দেশে ও প্রবাসে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন না তারা। এনআইডি পেলেও কম বয়সীদের ভোট দেওয়ার সুযোগ নেই।

দেশে এখন ভোটার সাড়ে ১২ কোটি

ভোটের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

নির্বাচনের সময় ভোটার কত হবে?

তালিকা হালনাগাদ: এবারও বিশেষ হিসাব-নিকাশে তরুণ ভোটাররা

নারীদের ভোটার হওয়ার অনীহা কাটাতে সহায়তা চায় ইসি

প্রবাসী ভোটারদের জন্য আসছে 'পোস্টাল ব্যালট বিডি অ্যাপ'

ভোটার হালনাগাদ: মিলেছে ১০ লাখের বেশি মৃত ভোটারের তথ্য

দেশে ভোটার এখন ১২ কোটি সাড়ে ১৮ লাখ

এবার হালনাগাদে নতুন ভোটার প্রায় ৮০ লাখ