হাতিরঝিলের পাশের এলাকায় গোলাগুলি, আহত ২
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে ঢাকার হাতিরঝিলের ওলন পোড়াবাড়ি এলাকায় দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে এক বিক্রেতা ও এক পথচারী আহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে ‘অতর্কিত’ ছোড়া গুলিতে স্থানীয় কলা বিক্রেতা জিলানী (৫৫) ও পথচারী শুভ (১৮) আহত হন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
আহত জিলানীর মেয়ে শেফালী আক্তার বলেন, “আমার আব্বু সকাল বেলা রিকশা চালায় আর সন্ধ্যায় বাসার সামনেই বসে কলা বিক্রি করে। রাত ৯টা-সাড়ে ৯টার দিকে কারেন্ট চলে গেল; এর মধ্যে কিছু পোলাপাইন দৌড়াদৌড়ি শুরু করে। হঠাৎ গুলির শব্দ পেয়ে আব্বু বাসার ভেতরে ঢুকতে গেলে তলপেটে এসে গুলি লাগে।”
শেফালী জানান, তার বাবার পেটে রাতেই অস্ত্রোপচার করা হলেও গুলিটি বের করা যায়নি। সেই কারণে আবারও অস্ত্রোপচার করা হবে।
ডিএমপির শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার রব্বানী হোসেন বলেন, “গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আরেকজন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
“একজন ফুটপাতে কলা বিক্রি করেন ও আরেকজন সে সময় পিঠা কিনতে এসেছিলেন বলে দাবি করেছেন।”
পুলিশ কর্মকর্তা রব্বানী বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, মূলত দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে সে সময় উপস্থিত সবাই ১৮-২২ বছর বয়সী ছিলেন।”
ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও একটি রামদা উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এ ঘটনায় এখনও কেউ আটক নেই। তবে আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের ফাইন্ড আউট করতে কাজ করছি।”
