২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকে ধর্ম ও নৈতিক শিক্ষক নিয়োগের দাবি বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের

নৈতিক শিক্ষা সম্পর্কে জানতে সব ধর্মকে সিলেবাসে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বিভাগটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 11:47 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষকের মত ধর্ম ও নৈতিক শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ।

পদটিতে কওমী ও আলিয়া মাদ্রাসার ডিগ্রিধারীদের পাশাপাশি বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ থেকে ডিগ্রিপ্রাপ্তদের প্রাধান্য দেওয়ারও দাবি তুলে ধরেছে বিভাগের পক্ষ থেকে।

বুধবার সংবাদমাধ্যমে পাঠানো লিখিত বক্তব্যে বিভাগের পক্ষে দাবিদাওয়া তুলে ধরেন বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু সায়েম।

গত ২৮ অগাস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগ বিধিমালার জারি করা হয়। সেখানে সংগীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষকের পদ নতুন করে সৃষ্টি করা হয়েছে।  

বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের লিখিত বক্তব্যে বলা হয়েছে, “আমরা অতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিগত সরকারের ধারাবাহিকতায় এ সরকারও ধর্ম ও নৈতিক শিক্ষাকে পাশ কাটিয়ে শৈশব থেকেই শিক্ষার্থীদেরকে নীতি-নৈতিকতাহীন ও ধর্মবিমুখ করার সুদীর্ঘ পরিকল্পনা বাস্তবায়নে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এটা বিগত এক যুগ ধরে চলে আসা ধর্ম বিবর্জিত শিক্ষাব্যবস্থার ধারাবাহিকতা মাত্র।

“স্বাধীনতার পর থেকে সরকার শিক্ষার মান উন্নয়নে আটটি শিক্ষা কমিশন গঠন করে, যার মধ্যে সর্বশেষ জাতীয় শিক্ষানীতি প্রণীত হয় ২০১০ সালে। এই শিক্ষানীতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের নিজ নিজ ধর্ম ও নৈতিক শিক্ষার মাধ্যমে উন্নত চরিত্র গঠনে সহায়তা করা। অথচ এই শিক্ষানীতির ওপর ভিত্তি করেই জাতীয় শিক্ষাক্রম ২০১২ তে এসে কোনো এক অদৃশ্য কারণে ধর্ম শিক্ষা হয়ে যায় সেকেলে এবং অপাঙক্তেয়।

“প্রস্তাব অনুযায়ী ইসলাম শিক্ষা বিষয়টি একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান এবং ব্যবসা শাখায় বাতিল এবং মানবিক শাখায় ঐচ্ছিক বিষয় হিসেবে রাখা হয়। এরই ধারাবাহিকতায় প্রস্তাবিত জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২০-এ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টিকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা থেকে বাতিল করা হয়। অন্য সকল বিষয়ে বোর্ড পরীক্ষা থাকলেও ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টি ক্লাস-পরীক্ষা, বোর্ড পরীক্ষা ও সামষ্টিক মূল্যায়ন থেকে বাদ দেওয়া হয়। ফলে সময়ের পরিক্রমায় শিক্ষার্থীদের কাছে বিষয়টি হয়ে যায় গুরুত্বহীন ও অবহেলার পাত্র।”

লিখিত বক্তব্যে অধ্যাপক আবু সায়েম প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বক্ষেত্রে ধর্ম ও নৈতিকতা বিষয় অন্তর্ভুক্ত করার দাবি তুলে ধরে বলেন, “হাজার বছর ধরে এ দেশে হিন্দু, বৌদ্ধ ও ইসলাম ধর্মের মানুষেরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। তাই পরস্পরকে জানা, বোঝা ও তাদের নৈতিক শিক্ষা সম্পর্কে জানতে এই সব ধর্মকে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি বৈশ্বিক পৃথিবীর বাসিন্দা হিসেবে অন্যান্য প্রধান ধর্মগুলোও সিলেবাসে যুক্ত করতে হবে।

“প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষকের মত ধর্ম ও নৈতিক শিক্ষক নিয়োগের উদ্যোগ নিতে হবে। এর ফলে বিদ্যমান শিক্ষানীতির অধীনেই শিক্ষার্থীরা ধর্ম ও নৈতিক শিক্ষা অর্জন করার পাশাপাশি আলিয়া ও কওমী মাদ্রাসার ডিগ্রিধারীদের অনেকের কর্মসংস্থান হবে।”