Published : 21 Apr 2026, 05:09 PM
বৈশাখের দ্বিতীয় সপ্তাহর শুরুতে দেশের নয় জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার উপর দিয়ে এ তাপপ্রবাহ বইছে।
এ তাপপ্রবাহ শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।
তিনি মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, সেদিন দিনের তাপমাত্রা কিছুটা কমে আসবে।”
তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
গ্রীষ্মের শুরুর এ সময়ে স্বাভাবিক প্রক্রিয়ায় তাপপ্রবাহ বইছে জানিয়ে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, “গত তিন বছর বাংলাদেশে গ্রীষ্মকাল ছিল শতাব্দীর উষ্মতম। সে তুলনায় আবহাওয়া এ বছর যথেষ্ট সহনশীল।”
মঙ্গলবার দিনভর রোদের উত্তাপ ছিল রাজধানী ঢাকাতেও। ভ্যাপসা গরমে হাঁসফাঁস করেছেন পথচারী আর শ্রমজীবী মানুষ। ঢাকায় এদিন তাপমাত্রার পারদ উঠেছে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াসে।
এদিন বেলা ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে। এ জেলায় তাপমাত্রার পারদ ওঠে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ১৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর সকাল ৯টার বুলেটিনে জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।