Published : 25 May 2026, 05:20 PM
দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ও এর লক্ষণ নিয়ে আরো ১৭ শিশুর মৃত্যু হয়েছে; এর মধ্যে ১৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর একজন শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৭ জনের। এ ছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৪৫৮ জন মারা গেছে। অর্থাৎ হাম ও এর লক্ষণ নিয়ে এ পর্যন্ত ৫৪৫ জন মারা গেছে।
এর আগে গত ৪ মে দিনে হাম ও উপসর্গে ১৭ জন শিশুর মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৮০ জন ঢাকায় মারা গেছে; আর ৮০ জন রাজশাহী বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭ জন হাম আক্রান্ত হয়েছেন; এই সময়ে ১ হাজার ১২৭ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন; যাদের মধ্যে এক হাজার ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৪২৭ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১০ জন ভর্তি হয়েছেন রংপুরে।
এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীয় সংখ্যা ৬৪ হাজার ৯৪০ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭১৯ জন।