শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর
জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল হতেও শিক্ষার্থীদের বলেছেন তারেক রহমান।
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার এবং জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল হতে শিক্ষার্থীদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মঙ্গলবার বিকালে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে সরকারপ্রধান এই পরামর্শ দেন বলে তথ্য তার উপ প্রেস সচিব মো. সুজাদ্দৌলার।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।”
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে বলেন। তারেক রহমান বলেন, “তোমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং পরিবারের অন্য সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করবে। তোমাদের ছোট ছোট উদ্যোগই একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে পারে।”
জীবজন্তুর প্রতি যত্নশীল ও সহানুভূতিশীল হওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের চারপাশের অসহায় ও অবলা প্রাণীদের প্রতিও যত্নবান হতে হবে। কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না। জীবজন্তুর প্রতি মমতা ও দায়িত্ববোধ মানবিক সমাজের পরিচয়।”
এ সময় প্রধানমন্ত্রী কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন। শিক্ষার্থীদের লেখাপড়া কেমন চলছে, ভবিষ্যতে তারা কী হতে চায়, সে বিষয়েও কথা বলেন তিনি।
এর আগে কলমাকান্দা বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪২ শিক্ষার্থী সংসদের অধিবেশন দেখতে বিকালে সংসদ ভবনে আসে। তাদের সঙ্গে বিদ্যালয়ের ৫ শিক্ষক এবং পরিচালনা কমিটির ২ সদস্যও ছিলেন।
সংসদ অধিবেশন দেখার একপর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পায় শিক্ষার্থীরা।
