ডিবির ফাঁদে ধরা পড়া দুদক কর্মকর্তাসহ রিমান্ডে ৪ জন
অন্যের রূপ ধারণ করে প্রতারণা ও ভয়ভীতি প্রর্শনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
‘ঘুষ লেনদেনের সময়’ গ্রেপ্তার দুদকের এক মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী গৌতম ভট্টাচার্য্যসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
শনিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম হুমায়ুন কবীর।
রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- এসকেন আলী খান, হাবিবুর রহমান ও পরিতোষ মণ্ডল। তাদের মধ্যে এসকেন আলী চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল।
এ দিন তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রুহুল আমীন।
এর আগে শনিবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার মতিঝিলের একটি হোটেলে টাকা লেনদেনের সময় গৌতমসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ দাবির পর গৌতমকে ধরতে ফাঁদ পাতা হয়েছিল বলে জানান তিনি।
তিনি বলেন, দুদক কর্মকর্তাদের সই জাল করে বায়তুল মোকাররম মার্কেটের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের একটি চিঠি তৈরি করে তা নথিভুক্ত না করার আশ্বাস দিয়ে গৌতম ২ কোটি টাকা দাবি করেন। ব্যবসায়ীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ফাঁদ পেতে তাদের ধরা হয়।
এ ঘটনায় মতিঝিল থানায় ‘অন্যের রূপ ধারণ’ করে প্রতারণা ও ভয়ভীতি প্রর্শনের অভিযোগে একটি মামলা করা হয়েছে।
