১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিদিশার মামলায় রিমান্ড শেষে কারাগারে গাড়িচালক

মামলায় বলা হয়েছে, এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করলে বিদিশা ও তার ছেলের বড় ধরনের আর্থিক ক্ষতি করাসহ প্রাণনাশের হুমকি দেন মোর্শেদ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2024, 07:31 PM

Updated : 24 Apr 2024, 07:31 PM

নিজের গাড়ি ফেরত না পেয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের করা মামলায় গ্রেপ্তার চালক মোর্শেদ মঞ্জুর রুবেলকে কারাগারে পাঠানো হয়েছে।

দুই দিনের রিমান্ড শেষে বুধবার মোর্শেদকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই হাফিজুর রহমান।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলায় গত ২২ এপ্রিল আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম এ তথ্য জানিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শাহাতা জারাব এরশাদ এরিকের ব্যক্তিগত সহকারী হিসেবে দেখাশুনা করতেন মোর্শেদ মঞ্জুর রুবেল। মাঝেমধ্যে তিনি বিদিশার গাড়ি চালাতেন।

২০২৩ সালের অগাস্টের ২৮ বা ২৯ তারিখে বিদিশার ৯০ লাখ টাকা মূল্যের গাড়ি ওয়ার্কশপে মিস্ত্রি দেখানোর কথা বলে প্রেসিডেন্ট পার্ক থেকে নিয়ে যান মোর্শেদ মঞ্জুর রুবেল।

গাড়িটি বাসায় পৌঁছাতে দেরি হচ্ছে কেন জানতে মোর্শেদ তাকে বিভিন্ন অজুহাত দেখিয়ে গাড়ি দিতে কালক্ষেপণ করতে থাকেন। গাড়ি কোথায় আছে জানতে চাইলে কখনো তার বসুন্ধরার বাসার নিচে রেখেছেন, কখনো উত্তরায় রেখেছেন বলে জানান।

বিষয়টি বিদিশার সন্দেহজনক মনে হলে চলতি বছরের ২৪ মার্চ ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি বুঝিয়ে দিতে বললে মোর্শেদ গাড়ি নিয়ে কুমিল্লার কান্দিরপাড়ে আছেন বলে জানান।

তার এমন অসংলগ্ন কথাবার্তায় বিদিশা ধারণা করেন, মোর্শেদ তার গাড়ি আত্মসাৎ করেছেন।

মামলায় বলা হয়েছে, এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করলে বিদিশা ও তার ছেলের বড় ধরনের আর্থিক ক্ষতি করাসহ প্রাণনাশের হুমকি দেন মোর্শেদ।

এ ঘটনায় গত ২৭ মার্চ গুলশান থানায় বিদিশা সিদ্দিক মামলা দায়ের করেন।