শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরো ৭ মামলা
ছাত্রজনতার প্রবল আন্দোলনে গত ৫ অগাস্ট শেষ হাসিনা সরকারের পতনের পর থেকে তার বিরুদ্ধে অন্তত ৪৪টি মামলা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে নতুন ছয়টি হত্যা মামলা এবং একটি হত্যাচেস্টার মামলা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুটি এবং মুখ্য বিচারিক হাকিম আদালতে দুটি হত্যা মামলা হয়। একটি মামলা হয়েছে ঢাকার মোহাম্মদপুর ও অপরটি আদাবর থানায়।
হত্যাচেস্টার মামলাটি হয়েছে মুখ্য মহানগর হাকিম আদালতে।
আদালতে করা অভিযোগগুলোর সবকটি মামলার শুনানি শেষে সংশ্লিষ্ট আদালত অভিযোগগুলো নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে থানাকে।
ছাত্রজনতার প্রবল আন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তার বিরুদ্ধে অন্তত ৪৪টি মামলা হয়েছে, যার বেশিরভাগই হয়েছে ঢাকায়।
শেখ হাসিনা আন্দোলনের মুখে ভারত চলে যান সেদিন। এখনও তিনি সেখানেই অবস্থান করছেন।
আশুলিয়ায় তিন হত্যা
ঢাকার আশুলিয়া থানাধীন সাভার হাইওয়ের ওপরে শাইখ আসহাবুল ইয়ামিন, আলামিন ও মেহেদী হাসানকে হত্যার ঘটনায় মুখ্য বিচারিক হাকিম আদালতে হত্যা মামলা করেছেন আব্দুল জলিল নামের এক ব্যক্তি।
বাদীর জবানবন্দি শুনে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আরিফা চৌধুরী হিমেল অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য আশুলিয়া থানাকে নির্দেশ দিয়েছেন।
মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, হাসিনার বোন শেখ রেহানাসহ ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার আর্জিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই পুলিশ ও বিজিবি নির্বিচারে গুলি চালালে শাইখ আসহাবুল ইয়ামিন মাটিতে পড়ে যান। এ সময় পুলিশ তাকে টেনেহিঁচড়ে সাঁজোয়া যানে তুলে নির্যাতন করে নিষ্ঠুরভাবে সাঁজোয়াযান থেকে রাস্তায় ফেলে দেয়, যার ভিডিও দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।
আর আলামিন ও মেহেদী হাসান ১৯ জুলাই জুমার নামাজ পড়ার জন্য তারা বাসা থেকে বের হন। রাস্তায় থাকা পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা তাদের উদ্দেশ্যে গুলি ছোড়ে।
আহত আলামিনকে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিনই মারা যান তিনি। আর গুলিবিদ্ধ মেহেদীকে রাস্তা থেকে উদ্ধার করতে পুলিশ বাধা দেওয়ায় চিকিৎসার অভাবে সেখানেই তিনি মারা যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
হকার হত্যা
আশুলিয়া থানাধীন বাইপাইল জামগাড় রোডের পাক্তা রাস্তার ওপর হকার মো. শাহাবুল ইসলাম ওরফে শাওনকে হত্যার অভিযোগে মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেছেন তার আত্মীয় মো. মজিবুল হোসেন ।
বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য আশুলিয়া থানাকে নির্দেশ দিয়েছেন জেষ্ঠ্য বিচারিক হাকিম আরিফা চৌধুরী হিমেল।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশিদ, বিপ্লব কুমার ও বেনজীর আহমেদ।
মামলার আরজিতে বলা হয়, গত ৪ অগাস্ট সকালে ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দেন শাওন। সকাল ১১টার দিকে তিনি পেটে গুলিবিদ্ধ হন।
ছাত্ররা তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।
মোহাম্মদপুরে রোকন হত্যা
মোহাম্মপুর বছিলা রোডের ময়ূর ভিলার সামনে শাহরিয়া হোসেন রোকন নামের ২৩ বছর বয়সী এক শ্রমিককে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন মো. রবিউল খান হিল্লোল নামের এক ব্যক্তি।
তার জবানবন্দি গ্রহণ করে মহানগর হাকিম রাজেশ চৌধুরী অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।
মামলার আবেদনে বলা হয়, শাহরিয়ার হোসেন রোকন গত ১৯ জুলাই জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হয়ে মোহাম্মদপুর বছিলা রোডের ময়ূর ভিলার সামনে পৌঁছান। এসময় কয়েকজন আওয়ামী নেতাকর্মী ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। তাতে মামলার বাদী হিল্লোল ও রোকন গুলিবিদ্ধ হন।
পরে ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহম্মেদ ও ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন পলাশ সামনে থেকে রোকনের দিকে কয়েক রাউন্ড গুলি করে।
এ সময় তাকে উদ্ধার করতে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা তাদের চাপাতি, ছুরি ও লাঠিসোটা দিয়ে আঘাত করে।
খবর পেয়ে নিহত রোকনের আত্মীয়স্বজন ঘটনাস্থলে গিয়ে আসামিদের হাতেপায়ে ধরে তাকে প্রথমে স্থানীয় তমা মেডিকেল সেন্টার ও পরে শহীদ সোহরাওর্য়াদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।
কলেজছাত্র জাহিদ হত্যা
রাজধানীর বিমানবন্দর এলাকায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ বিন জাহিদকে হত্যার অভিযোগে মামলা করেছেন মোহাম্মদ জাকিউল্লাহ বাহার নামের এক ব্যক্তি।
বাদীর জবানবন্দি শুনে মহানগর হাকিম মো. মাইনুল ইসলাম অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করতে বিমানবন্দর থানাকে নির্দেশ দেন।
শেখ হাসিনাসহ ৩৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে এ মামলায়।
মামলার আবেদনে বলা হয়, গত ৫ অগাস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় অজ্ঞাতনামা ১৫০-২০০ জন আওয়ামী সন্ত্রাসী গুলি চালালে আব্দুল্লাহ বিন জাহিদ লুটিয়ে পড়েন।
তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ ফর ইউমেন্স অ্যান্ড হাসাপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানায় দুই মামলা
মোহাম্মদপুর থানায় ট্রাক চালক সুজন হত্যা ও আদাবর থানার মামলায় গার্মেন্টকর্মী রুবেল হত্যায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম নিজ নিজ থানায় মামলার বিষয়ে নিশ্চিত করেছেন।
মোহাম্মদপুর থানার মামলায় শেখ হাসিনাসহ ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাড়ে চারশ থেকে ৫০০ জনকে আসামি করে মামলাটি করেন সুজনের ভাই রফিকুল ইসলাম।
মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ যান মেননকেও আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে রফিকুল ইসলাম লিখেন করেন, আসামিদের নির্দেশনায়, পরিকল্পনায় এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে গত ২০ জুলাই বছিলায় শান্তিপূর্ণ মিছিল গুলি করা হয়। এতে তার ভাই ট্রাকচালক সুজন আহত হন। পরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আদাবর থানায় গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনের বিরুদ্ধে। অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করে এই মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।
এই মামলায় প্রথমবারের মতো আসামি করা হয়েছে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে, যিনি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য হয়েছিলেন।
এছাড়া বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন, সাবেক দুই সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন ও নায়ক ফেরদৌস আহমেদেরও নাম রয়েছে।
মামলায় আরও যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন- সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, শেখ রেহানা, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, নজিবুল বশর মাইজাভান্ডারী, দিলীপ বড়ুয়া, আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক ডিজি হারুন-উর-রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদ।
মামলায় বলা হয়, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি করা হয়।
বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান।
হত্যাচেষ্টা মামলা
শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে।
ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম নয়নকে হত্যা চেষ্টার অভিযোগে মহানগর হাকিম তাহমিনা হকের আদালতে মামলাটি করেন বিএনপি সমর্থক মোসা. সুমি বেগম।
এ মামলায় শেখ হাসিনাসহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে।
বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ তদন্ত করার জন্য রমনা মডেল থানাকে আদেশ দিয়েছেন বিচারক।
ছাত্রজনতার প্রবল আন্দোলনে গত ৫ অগাস্ট শেষ হাসিনা সরকারের পতনের পর থেকে তার বিরুদ্ধে অন্তত ৪০টি মামলা হয়েছে, যার বেশিরভাগই হয়েছে ঢাকায়।
