Published : 14 Jan 2024, 09:22 AM
শপথ নেওয়ার পর আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিজ্ঞার কথা বলেছেন সদ্য শপথ নেওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
মঙ্গলবার শপথ নেওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, “বঙ্গবন্ধুর আদর্শের পথে থেকে যেন দেশের সাধারণ মানুষের জন্য আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারি সেই প্রতিজ্ঞাই আজ নিলাম।
“বঙ্গবন্ধু আমাদের সংবিধান দিয়েছেন। সেই সংবিধান রক্ষার দায়িত্ব আমাদের সুপ্রিম কোর্টের সব বিচারকের।”
এর আগে বিচারপতি ওবায়দুল হাসান বেলা ১১টায় প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।
শপথগ্রহণ অনুষ্ঠানে সরকারের কয়েকজন মন্ত্রী, আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। সদ্য অবসরে যাওয়া প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকিও বঙ্গভবনে উপস্থিত ছিলেন।
গত ১২ সেপ্টেম্বর বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
শপথ নেওয়ার পর দুপুরে বিচারপতি ওবায়দুল হাসান ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি সেখানে শোক বইয়ে স্বাক্ষর করেন।
সদ্য বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে গেছেন ২৫ সেপ্টেম্বর। কিন্তু সে সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকায় গত ৩১ অগাস্ট ছিল তার বিচারিক জীবনের শেষ কর্মদিবস।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)