২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় চালককে কুপিয়ে রিকশা ছিনতাইয়ের অভিযোগ

“ধানমন্ডি ৬ নম্বর সড়ক কোন দিকে বলেই ছয় থেকে সাতজন চাপাতি দিয়ে চালককে আঘাত করেন”, বলেন ধানমন্ডি থানার এসআই।

ঢাকায় চালককে কুপিয়ে রিকশা ছিনতাইয়ের অভিযোগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল; এখানেই মৃত্যু হয়েছে আহত ওই ব্যক্তির। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2025, 07:55 PM

Updated : 26 Aug 2026, 12:26 PM

ঢাকার মোহাম্মদপুর এলাকায় চালককে কুপিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

রোববার ভোরের এ ঘটনার পর চালককে ধানমন্ডি এলাকায় ফেলে রেখে গেলে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

আহত চালকের নাম মো. ইসমাইল হোসেন (৪৫)। তিনি ভোলা সদরের আলিনগর এলাকার মৃত নজির আহমেদের ছেলে। বর্তমানে তিনি কামরাঙ্গীরচরে ভাড়া থাকেন।

আহত চালকের বরাতে ধানমন্ডি থানার এসআই শাহীন সবুজ বলেন, “ভোরে পান্থপথ থেকে দুজন যাত্রী মোহাম্মদপুর যাওয়ার কথা বলে অটোরিকশায় ওঠেন। মোহাম্মদপুর এলাকায় যাওয়ার পর একটি পিকআপ এসে রিকশার গতিরোধ করে।

“ধানমন্ডি ৬ নম্বর রোড কোন দিকে- এই কথা বলে ছয় থেকে সাতজন পিকআপ থেকে নেমে চাপাতি দিয়ে চালককে আঘাত করেন। তারা নগদ এক হাজার ৭০০ টাকা, মোবাইল ফোন ও অটোরিকশা ছিনিয়ে নেয়। পরে চালককে পিকআপে উঠিয়ে ধানমন্ডি ২৭ নম্বরের সাম্পান রেস্তোরাঁর সামনে ফেলে রেখে চলে যায়।”

ইসমাইলকে পড়ে থাকতে দেখে প্রথমে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতানে নিয়ে যায় পুলিশের একটি টহল টিম। পরে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। 

এসআই শাহীন বলেন, “আহত ইসমাইলের অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত। আমরা জড়িতদের খুঁজে বের করার কাজ করছি।”