১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেনাপ্রধানের সঙ্গে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডারের সাক্ষাৎ

পাঁচ দিনের সরকারি সফরে গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন মালাউই ডিফেন্স ফোর্সের কমান্ডার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2025, 08:43 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পল ভেলেনটিনো।

সোমবার ঢাকা সেনানিবাসের সেনাসদরে তাদের বৈঠক হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তাতে বলা হয়, সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

২ ফেব্রুয়ারি পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন মালাউই ডিফেন্স ফোর্সের এই কমান্ডার।

সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাতের আগে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। 

পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব দেয় এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

সফরকালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), কক্সবাজার এরিয়া এবং এফডিএমএন ক্যাম্পসহ বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি স্থাপনা পরিদর্শন করবেন বলে জানিয়েছে আইএসপিআর।