১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কূটনীতিকদের ‘ব্রিফ’ করবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার গঠন ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কূটনৈতিকদের সামনে আসছেন মুহাম্মদ ইউনূস।

কূটনীতিকদের ‘ব্রিফ’ করবেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2024, 10:06 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কূটনৈতিকদের সামনে আসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন শুক্রবার জানান, ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রোববার সকাল ১০টায় কূটনৈতিকদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা।

চাকরিতে কোটা সংস্কার আন্দোলন পরে তুমুল গণআন্দোলনে রূপ নিলে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। আন্দোলন বিক্ষোভের মধ্যে জেলায় জেলায় কয়েকশ মানুষের প্রাণহানি হয়। বিভিন্ন থানা, আওয়ামী লীগ কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

সরকারপতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্বগ্রহণ করেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে ও বিক্ষোভের মধ্যে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন তিনি।

ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের দায়িত্বগ্রহণ এবং সমসাময়িক প্রেক্ষাপট তুলতে ধরতে গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনৈতিকদের ব্রিফ করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ পাঁচ ডজনের বেশি কূটনীতিক ওই ব্রিফিংয়ে অংশ নেন।