Published : 09 Mar 2026, 05:15 PM
জ্বালানি সাশ্রয়ে কর্মকর্তাদের গাড়িতে তেলের সরবরাহ ৩০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এতে বলা হয়, শহরের বর্জ্য ব্যবস্থাপনার গাড়িতেও জ্বালানি তেলের ব্যবহার ২০ শতাংশ কমাতে ‘কার্যকর ব্যবস্থা’ নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বেশ কিছু নির্দেশনা তুলে ধরে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দিনের বেলা পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতির ব্যবহার পরিহার করতে হবে। জানালা-দরজা খোলা রেখে প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে। অফিসে বিদ্যমান বৈদ্যুতিক বাতির অর্ধেক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনীয় লাইটের ব্যবহার সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।
“এছাড়া অফিস চলাকালীন ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রয়োজন ছাড়া চালানো যাবে না।”
নির্দেশনায় বলা হয়, এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা অবশ্যই ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস ত্যাগ করার সময় বাতি, ফ্যান ও এসি বন্ধ করার পাশাপাশি অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো যাবে না।
অফিস সময় শেষ হওয়ার পর কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করার কথা রয়েছে নির্দেশনায়।