Published : 02 Sep 2026, 09:52 PM
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত তারকা চিহ্নিত আটটি প্রশ্নের সবগুলোই ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের হওয়ায় আপত্তি জানিয়েছে বিরোধী দল।
বিরোধী দলের সদস্যদের বেশি প্রশ্ন করার সুযোগ দিলে সরকারের জবাবদিহির সংস্কৃতি আরও শক্ত হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বুধবার সংসদে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তোলেন তিনি।
সংসদের কার্যসূচি অনুযায়ী প্রতি বুধবার প্রশ্নোত্তর পর্বের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য নির্ধারিত।
নাহিদ ইসলাম বলেন, এদিন প্রধানমন্ত্রীর জন্য তারকা চিহ্নিত আটটি প্রশ্ন রাখা হয়েছিল। আটটিই সরকারি দলের সংসদ সদস্যদের।
বিরোধী দলের সংসদ সদস্যরাও প্রশ্ন জমা দেন মন্তব্য করে তিনি বলেন, বিরোধী দলের সদস্যরা যত বেশি প্রশ্ন করার সুযোগ পাবেন, সরকারের জবাবদিহির সংস্কৃতি তত শক্ত হবে।
এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা হবে।
ক্ষমতাসীন দল থেকে আসা চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের জন্য আলাদা কোনো পদ্ধতি নেই।
নিয়ম অনুযায়ী যিনি আগে প্রশ্ন জমা দেবেন, তিনি আগে সুযোগ পাবেন বলে জানান তিনি।
বিরোধী দলের সদস্যরা প্রশ্ন জমা দিতে পিছিয়ে পড়লে সেটি তাদের অসুবিধা বলেও মন্তব্য করেন চিফ হুইপ।
তবে বিরোধী দলের সদস্যরা যেন প্রশ্ন করার সুযোগ পান, সেদিকে স্পিকারকে দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান তিনি।
এরপর স্পিকার বলেন, প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আগে এলে আগে নেওয়ার পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।
প্রশ্ন আগে জমা দিতে অতীতে সংসদ সদস্যদের মধ্যে তীব্র প্রতিযোগিতা হওয়ার কথাও তুলে ধরেন তিনি।
স্পিকার বলেন, এখানে স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল একসময় ‘বিছানাপত্র নিয়ে আগের রাত্রেই’ প্রশ্ন জমা দেওয়ার অফিসের সামনে অবস্থান নিতেন।
আরও দুয়েকজন সদস্যও আগের রাতে সেখানে শুয়ে থাকতেন বলে জানান তিনি।
কোনো কোনো সংসদ সদস্য তাদের ব্যক্তিগত কর্মকর্তাদের আগেই প্রশ্ন জমা দেওয়ার লাইনে পাঠাতেন বলেও জানান স্পিকার।
তিনি বলেন, সকালে কোনো সংসদ সদস্য এসে ব্যক্তিগত কর্মকর্তাকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখলে তাকে পেছনে সরিয়ে দেওয়া হতো। সংসদ সদস্যদের অগ্রাধিকার দেওয়া হতো।
প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে ‘তুমুল প্রতিযোগিতা’ হয় মন্তব্য করে বিরোধী দলের সদস্যদেরও আগে প্রশ্ন জমা দেওয়ার চেষ্টা করার পরামর্শ দেন স্পিকার।