জুলাই সনদের দাবিতে শাহবাগে অবরোধ
আশেপাশের সড়কে সৃষ্টি হয়েছে যানজট।
জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন গণঅভ্যুত্থানে আহতরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর।
তিনি বলেন, “গণঅভ্যুত্থানে আহতসহ অন্তত ৪ শতাধিক মানুষ শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এর ফলে শাহবাগ মোড় হয়ে চারপাশেই যান চলাচল বন্ধ হয়ে, আশেপাশের সড়কে যানজট সৃষ্টি হয়েছে।”
এমন পরিস্থিতিতে শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য দায়িত্ব পালন করছে বলে জানান ওসি খালিদ।
জুলাই সনদ না দেওয়া পর্যন্ত এ অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। তারা ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘জুলাই সনদ নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’, ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’সহ নানা স্লোগান দিচ্ছেন।
এ অবরোধের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, “আমাদের এই কর্মসূচি আমাদের দাবি না মানা পর্যন্ত চলতেই থাকবে। আমরা রাষ্ট্রের সাথে বারবার আলোচনা করেছি, কিন্তু রাষ্ট্র বারবার আমাদের সাথে তালবাহানা করেছে।
“এখন আমাদের কোনো প্রতিশ্রুতি দিয়েও কাজ হবে না, সমস্ত প্রতিশ্রুতির বাইরে যেয়ে আমাদের জুলাই সনদ আর ঘোষণাপত্র দিতে হবে। নাহলে আমরা এই কর্মসূচি চালিয়ে যাব।”
জুলাইযোদ্ধা নাজির আহমেদ খান বলেন, “উপদেষ্টা মণ্ডলীকে বলে দিতে চাই, আমরা রক্ত দিয়েছি, আমরা আর রক্ত দিতে ভয় পাই না। যারা স্বৈরাচারকে হঠাতে জীবন দিয়েছে, তারা জাতির সূর্যসন্তান। আমাদের মৃত্যুর ভয় দেখাবেন না।
“গুম, হত্যার ভয় দেখিয়ে লাভ নাই। ১৭টা বছর সকল রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে। কিন্তু এই জাতির সূর্য সন্তানরা যখন রাস্তায় নেমে এসেছে, তখন হাসিনা এক মাসের মাথায় পালাতে বাধ্য হয়েছে।”
তিনি বলেন, “আমরা দুটি দাবির জন্য এখানে এসেছি। এক. জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং দুই. জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এই দুই দাবি না মানলে আমরা রাজপথ ছাড়ব না।”
আরেক আন্দোলনকারী বাবু ইসলাম বলেন, “আমাদের জুলাইযোদ্ধার কার্ড দেওয়া হয়েছে। আমরা জুলাইযোদ্ধার কার্ড দিয়ে কী করব?
“আমাদের আহত ভাইয়েরা হাসপাতালে গেলে তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। স্বাস্থ্য কার্ড দিয়ে আমাদের মুলা ধরিয়ে দেওয়া হয়েছে।
“আমরা চাই, আমাদের জুলাই সনদ দেওয়া হোক। নাহলে পরে কোনো সরকার আসলে, তারা আমাদের যেকোনো মামলা-হামলা করতে পারে। আমরা সেই ঝামেলায় পড়তে চাই না। আমাদের জুলাই সনদ দিলে আমরা রাজপথ ছেড়ে দেব।”
সংস্কার নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠায় ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে চলমান সংলাপের শেষ দিকে এসে জুলাই সনদ নিয়েও মতবিরোধ দেখা দিয়েছে।
কোন প্রক্রিয়ায় বা কীসের ভিত্তিতে সনদ বাস্তবায়ন হবে তা নিয়ে নানা মত দিচ্ছে রাজনৈতিক দলগুলো।
জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ সমমনা দলগুলো। আর অন্যদিকে বিএনপি বলছে, জুলাই সনদ বাস্তবায়নের জায়গা হবে আগামী জাতীয় সংসদ।
এমন পরিস্থিতিতে জুলাই সনদ চেয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ‘জুলাই যোদ্ধারা’।
