২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বিভাগে ভারি বৃষ্টির আভাস

অন্য বিভাগগুলোতেও কমবেশি বৃষ্টি ঝরার আভাস রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2025, 12:35 AM

Updated : 26 Aug 2026, 01:24 PM

থেমে থেমে বৃষ্টিপাতের মধ্যে দেশের তিন বিভাগে ভারি বৃষ্টিপাতের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর। অন্য বিভাগগুলোতেও কমবেশি বৃষ্টি ঝরার আভাস রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৯ জুলাই পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। অন্যান্য বিভাগেও বর্ষা মৌসুম হওয়ায় বৃষ্টিপাত থাকতে পারে। তবে সেটা পরিমাণে কম এবং কম এলাকাজুড়ে।

“এরপর ২০-২১ তারিখে উত্তরবঙ্গের বিভাগগুলোতে বৃষ্টিপাত বেশি হতে পারে। তারপর ২৪ তারিখের দিকে বৃষ্টিপাতের এলাকা পরিবর্তন হয়ে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।”

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, ভারতের ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়ে বর্তমানে দক্ষিণপূর্ব উত্তর প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। 

মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, নিম্নচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে; ৮৮ মিলিমিটার। এ ছাড়া, সৈয়দপুরে ৪৮, সাতক্ষীরায় ৪৭ এবং শ্রীমঙ্গলে ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করেছে আবহাওয়া অধিদপ্তর।