Published : 19 Jul 2026, 02:43 PM
সন্ধ্যা নামার আগে বৃষ্টি ঝরার পর বিরতি দিয়ে ভোররাতে ঢাকা ফের বৃষ্টিমুখর হতে পরে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকায় সন্ধ্যা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ভোররাতে আবার বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে।”
রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এদিন সারাদেশেই বৃষ্টিপাতের আভাস রয়েছে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।
মৌসুমি বায়ু উত্তরাঞ্চলে সক্রিয়, দেশের অন্য এলাকায় মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলে বুলেটিনে জানানো হয়েছে।
রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এসময়ে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীতে।