Published : 22 Jul 2026, 07:57 PM
ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বুধবার তাদের বৈঠক হওয়ার তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর বাইরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচির সঙ্গেও তার সাক্ষাতের তথ্য দিয়েছে মন্ত্রণালয়।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথভাবে ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ার ক্ষেত্রে সমন্বিত সহযোগিতার অংশীদারত্ব এগিয়ে নেওয়ার সংকল্প প্রকাশ করেছে উভয়পক্ষ।
“মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের প্রত্যাবাসন, বহুমুখী পরিবহন করিডোর, বাণিজ্য ও বিনিয়োগ এবং জ্বালানি সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেছেন।”
সের্গেই ল্যাভরভের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার তথ্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন দুই পররাষ্ট্রমন্ত্রী; বিশেষ করে জ্বালানি খাত নিয়ে। দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে একমত হয়েছে উভয় দেশ।

“জাতিসংঘের একাশিতম সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এবং আইন প্রণয়নের ক্ষেত্রে সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক করতে বাংলাদেশ-রাশিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনকেও সাধুবাদ জানান তিনি।”]
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন তারা।

“জাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।”
তিনটি বৈঠকেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গোর এ সময় মার্কো রুবিওর সঙ্গে ছিলেন।