ফুটওভার ব্রিজে অজ্ঞান পড়ে ছিলেন বৃদ্ধ, ঢামেকে মৃত্যু
ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন।
রাজধানীর শ্যামপুর এলাকায় ফুটওভার ব্রিজের উপর থেকে আনুমানিক ৬০ বছর বয়সি এক বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ওই বৃদ্ধ মারা যান।
পুলিশের তথ্যানুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় অজ্ঞাত ওই বৃদ্ধকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার এসআই মাসুম বিল্লাহ বলেন, “আমরা বিকাল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্যামপুরের নৌকার আদলে তৈরি করা ফুটওভার ব্রিজের উপরে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
“স্থানীয়রা বলছেন, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। আমাদের ধারণা, অসুস্থতাজনিত কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইম সিন ইউনিটকে খবর দিয়েছি। লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
