সাংবাদিকদের ওয়েজ বোর্ড সংস্কার নিয়ে ভাবা হচ্ছে: নাহিদ ইসলাম
“ওয়েজ বোর্ড নিয়ে অসন্তোষ আছে। বেতন কাঠামো কম হওয়ায় তরুণরা সাংবাদিকতা পেশায় আকর্ষণ হারাচ্ছে”, বলেন তিনি।
অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের মজুরি কাঠামো বা ওয়েজবোর্ড সংস্কার নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার, ডাক, টোলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
মঙ্গলবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে সাক্ষাৎ করতে এলে এক প্রশ্নে তিনি এ কথা বলেন।
হেলেন লাফেভ সাংবাদিকদের ওয়েজ বোর্ড বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “ওয়েজ বোর্ড নিয়ে অসন্তোষ আছে। বেতনকাঠামো কম হওয়ায় তরুণরা সাংবাদিকতা পেশায় আকর্ষণ হারাচ্ছে। তাই ওয়েজ বোর্ড সংস্কারের চিন্তাভাবনা করা হচ্ছে।”
যুক্তরাষ্ট্রের কূটনীতিক সাইবার সিকিউরিটি আইন নিয়ে সরকারের ভাবনা জানতে চান। জবাবে নাহিদ বলেন, “আমরা দেখেছি সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে প্রহসন করা হয়েছে। বিগত সরকার বেশ কিছু আইন দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে, বিশেষ করে সাইবার নিরাপত্তা আইন। আমরা এই আইন নিয়ে কাজ করছি। মূল কথা, আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন আমরা রাখব না।
“আমরা অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। বিগত বছরগুলোতে গণমাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান একেবারে নিচের দিকে ছিল। বিগত দিনে বাংলাদেশে সাংবাদিকরা নানাভাবে হয়রানির শিকার হয়েছে।”
যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক কর্মকর্তা স্টিফেন ইবেলি মিডিয়া হাউজের অভ্যন্তরে ‘রাজনীতি’র বিষয়টি তুলে ধরেন। এই বিষয়টি কীভাবে দেখছেন- এই প্রশ্নে নাহিদ বলেন, “আমাদের পক্ষ থেকে কোনো প্রতিবন্ধকতা নেই। সাংবাদিকরা যদি এ বিষয়ে সংস্কারের জন্য এগিয়ে আসে, তাহলে আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করব।”
আলোচনা শুরুতেই হেলেন লাফেভ ছাত্রদের প্রতিনিধি হয়ে সরকারে এসে দৃষ্টিভঙ্গির কী পরিবর্তন হয়েছে তা জানতে চান।
জবাবে নাহিদ ইসলাম বলেন, “ছাত্রদের প্রতিনিধি হয়ে সরকারে এসেছি; তাই দৃষ্টিভঙ্গি একই আছে। শুধু কাজের পদ্ধতি পরিবর্তন হয়েছে। আমরা দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছি।”
নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন।
উপদেষ্টা বলেন, “মন্ত্রণালয় দুটোর প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা ভাবছি। সে অনুযায়ী প্রস্তাবনা তৈরি করে কাজ করা হচ্ছে।”
কমার্শিয়াল কাউন্সেলর জন ফে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কোম্পানির মেটা, গুগল, মাইক্রোসফট ও ওরাকল এর বিনিয়োগ বিষয়ে জানতে চান। জবাবে নাহিদ বলেন, “জাতীয় স্বার্থ রক্ষা করে যে কোনো বিনিয়োগকে আমরা স্বাগত জানাই। এই কোম্পানিগুলোর ডেটা সেন্টার ভারতের পরিবর্তে বাংলাদেশে স্থাপন করা যায় কিনা সেটাও ভেবে দেখতে পারেন।”
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, “এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রাসঙ্গিকতাও দিন দিন বাড়ছে। তাই যুক্তরাষ্ট্র থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে যৌথভাবে এ বিষয়ে কাজ করা যায়।”
যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের চলমান যৌথ প্রকল্প অব্যাহত রাখার পাশাপাশি নতুন করে সৃষ্টিশীল কোনো প্রকল্প নেওয়া যায় কিনা সে বিষয়ে ভেবে দেখার কথাও বলেন তিনি।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, দূতাবাসের পলিটিক্যাল-ইকোনমিক কাউন্সেলর এরিখ জিলান, যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক কর্মকর্তা জেমস গার্ডিনার, প্রটোকল সুপারভাইজার নিশাত তাসনিমও উপস্থিত ছিলেন।
