ঈদের ছুটি অদলবদলের প্রজ্ঞাপন জারি
উপদেষ্টা পরিষদে মঙ্গলবারই সিদ্ধান্ত হয়েছিল, এবার হল প্রজ্ঞাপন।
ঈদুল আজহা উপলক্ষে জুনে দুদিন ছুটি বাড়িয়ে এবং চলতি মে মাসে কর্ম দিবসের সংখ্যা দুই দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদের পর আগামী ১১ বুধবার ও ১২ জুন বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। তার বদলে চলতি মে মাসের ১৭ ও ২৪ তারিখ শনিবারের দুই সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে।
তবে বাড়তি ছুটির দুই দিনে জরুরি সেবায় নিয়োজিত সরকারি দপ্তরগুলো খোলা রাখতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।
আগামী ঈদুল আজহা ঘিরে চাকরিজীবীদের টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ করে দিতে ‘অ্যালোকেশন অব বিজনেস’ অনুযায়ী ছুটির সূচিতে এই অদল বদলের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।
প্রজ্ঞাপনে বলা হয়, ছুটির সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দুই দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।
তবে জরুরি পরিষেবা, যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতায় পড়বে না।
হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।
চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতায় পড়বেন না বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
