Published : 16 Dec 2025, 04:53 PM
যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াতে ইসলামীর কয়েকজন শীর্ষ নেতাকে সম্প্রতি জাতির ‘শ্রেষ্ঠ সন্তান’ আখ্যা দেওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রশ্ন তুলেছেন, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়?
বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ প্রশ্ন ছুড়ে দেন।
মির্জা আব্বাস বলেন, “গোলাম আযমসহ তার সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়? এটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই।
“এ দলটি ১৯৪৭ সাল থেকে অদ্যবধি দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায়, দেশটা একটি বিপাকে পড়ুক; খারাপ অবস্থায় চলে যাক এবং একটি অশান্তিময় দেশ হয়ে থাকুক।”
একাত্তরকে চব্বিশের মুখোমুখি করা হচ্ছে কি না, এমন প্রশ্নের উত্তরে বিএনপি নেতা আব্বাস বলেন, “একাত্তর এবং চব্বিশ—যার যার অবস্থানে স্বমহিমায় তারা বিরাজিত। একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না, হওয়ার কোনো সম্ভাবনাও নাই।”
পাঁচ দশকেও স্বাধীনতার আশা, আকাঙ্ক্ষা ও উদ্দীপনা নিয়ে দেশ গড়তে না পারার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপির এ নেতা বলেন, “আওয়ামী লীগ এসে সেই সকল আশা-আকাঙ্ক্ষাকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। সামনে যে দিনগুলো আসছে, এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে যারা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।”
আগামী ২৫ ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার কথা পুনর্ব্যক্ত করে মির্জা আব্বাস বলেন, “এর মধ্যে দেশে শান্তিশৃঙ্খলা রক্ষা করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে, এ আশাই করছি।”