২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

'ফ্যাসিস্ট' সরকারের সহযোগীদের কঠোর হস্তে দমন করুন: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

“সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে, শৃঙ্খলা বজায় রাখার জন্য জনপ্রত্যাশা পূরণের জন্য আমরা কঠোর হতে বাধ্য হব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 12:28 PM

Updated : 26 Sep 2026, 12:28 PM

‘ফ্যাসিস্ট’ সরকারের সহযোগীদের কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; এই নির্দেশনা তিনি দিয়েছে পুলিশ বাহিনীকে।

শনিবার পুলিশ পদক অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

বিগত সরকারের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দেশকে অস্থির করলে কঠোর হস্ত দমন করবেন আপনারা। স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন, আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন।"

এ সময় পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

"আমি তৃণমূল পর্যায় থেকে আইজিপি পর্যন্ত সবার কাছে একটাই মেসেজ দিতে চাইছি, সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, শৃঙ্খলা বজায় রাখার জন্য জনপ্রত্যাশা পূরণের জন্য আমরা কঠোর হতে বাধ্য হব।"

তিনি বলেন, "যারা পতিত ফ্যাসিস্ট শক্তি তারা অন্যান্য বাহিনীর মত পুলিশ বাহিনীকেও অপব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে।"

তিনি সতর্ক করে বলেন, "ফ্যাসিস্ট শক্তিকে কেউ কেউ গোপন সংবাদ দিয়ে অন্যভাবে সহযোগিতা করার সংবাদ ইনফরমেশন তথ্য আমাদের কাছে আছে।

"খুব নম্রভাবে সংশোধন করার সুযোগ দিচ্ছি। কোন পুলিশ অফিসার যে পদেই থাকুন না কেন, যদি প্রত্যাশা পূরণে ব্যর্থ হন তাহলে তার পরিণতি ভালো হবে না। জনগণ এখন আমাদেরকে রাজা বাদশা হিসেবে দেখতে চায় না, তারা জনবান্ধব পুলিশ দেখতে চায়।"