হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপি নেতাদের জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়
“আজকে আমাদের দায়িত্ব হবে এই দেশকে রক্ষা করা। এটা শুধু বিএনপির আন্দোলন নয়, এটা সমস্ত মানুষের আন্দোলন,” বলেন ফখরুল।
জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির নেতারা।
মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই অনুষ্ঠানে লন্ডন থেকে স্কাইপে যুক্ত হয়ে শুভেচ্ছা জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। এতে ঢাকার রামকৃষ্ণ মিশন ও ইসকন মন্দিরের পুরোহিত ও বাংলাদেশ পূজা পরিষদের নেতারা অংশ নেন।
জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, “আমরা এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। ১৯৭১ সালে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। তখন আমাদের লক্ষ্য ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র করব। আজকে সেই গণতন্ত্রকে ওরা ধবংস করে দিয়েছে, আমাদের অধিকারগুলো কেড়ে নিয়েছে।
“এরা পার্লামেন্ট ধবংস করেছে, এরা জুডিশিয়ারি ধবংস করেছে, এরা প্রশাসনকে ধবংস করেছে, এরা গণমাধ্যমকে ধবংস করেছে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য। এক ব্যক্তির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য তারা সমস্ত কিছু ভেঙেচুরে দিচ্ছে। ঠিক দানব যেভাবে সবকিছু তছনছ করে দেয়, এরা আজকে সমস্ত বাংলাদেশকে তছনছ করে দিচ্ছে।”
তিনি বলেন, “আজকে আমাদের দায়িত্ব হবে এই দেশকে রক্ষা করা। এটা শুধু বিএনপির আন্দোলন নয়, এটা সমস্ত মানুষের আন্দোলন।”
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ড, আবদুল বারী ড্যানি, অমলেন্দু অপু, সুশীল বড়ুয়া, রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু, তরুণ দে, মিল্টন বৈদ্য, মিতালী চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।
পরে জন্মাষ্টমীর প্রসাদ দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
