লেফটেন্যান্ট নির্জন হত্যায় জড়িতদের বিচারে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের
নির্জনের বাবা-মা সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে এলে তিনি এই আশ্বাস দেন তাদের।
লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী বিচার পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার নির্জনের বাবা-মা ঢাকা সেনানিবাসে সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করতে এলে তিনি এই আশ্বাস দেন তাদের।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎকালে নির্জনের বাবা-মা সন্তান হারানোর বেদনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
সেনাপ্রধান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী বিচার পেতে সব ধরনের সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করেন।
গত সোমবার রাত ৩টার দিকে ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানের সময় ডাকাতের ছুরিতে মারা যান লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন।
আইএসপিআরের তথ্য মতে, ওই রাতে পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর এলে ঘণ্টাখানেকের মধ্যে চকরিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা সেখানে পৌঁছান।
অভিযানের সময় সাত-আটজনের ডাকাত দলটির কয়েকজনকে তাড়া করেন লেফটেন্যান্ট নির্জন। এ সময় ডাকাতরা নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নির্জন হত্যার ঘটনায় পুলিশ সদস্য ও সেনা সদস্য বাদী হয়ে পৃথক আইনে চকরিয়া থানায় দুটি মামলা করেছেন। দুই মামলাতেই ১৭ জনের নামসহ ২৫ জনকে আসামি করা হয়েছে।
আইএসপিআর বলেছে, এই ঘটনায় এরই মধ্যে সাতজনকে গ্রেপ্তার করে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
