২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জাতীয় পার্টির নানা অভিযোগ

“জাতীয় পার্টি নিবন্ধিত দল, আমরা বেআইনি কোনো দল নই,” বলেন জি এম কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2025, 09:34 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

প্রতিষ্ঠাবার্ষিকীতে নির্ধারিত স্থানে অনুমতি পাননি দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বৈষম্যের শিকার হওয়াসহ নানা অভিযোগ তুলেছেন।

বুধবার বিকালে ঢাকার সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন।

ক্ষমতার পালাবদলের পর আওয়ামী লীগের সঙ্গে সংসদে থাকা জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে দলটির আলোচনা সভা হওয়ার কথা ছিল।

মঙ্গলবার রাতে পুলিশের পক্ষ থেকে অনুমতি না দেওয়ার কথা জাতীয় পার্টির মহাসচিবকে মুজিবুল হক চুন্নুকে বলা হয়। 

সেজন্য দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করার আগে এই সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। 

এ বিষয়টি তুলে ধরে জাতীয় সংসদের সাবেক বিরোধী দল নেতা জি এম কাদের বলেন, “নব্য ফ্যাসিবাদ এবং নব্য বৈষম্য আমরা দেখতে পাচ্ছি।”

তিনি বলেন, “সংবিধানে সভা সমাবেশ করার অধিকার আমাদের দেওয়া আছে। এই সভা সমাবেশ করার অধিকার রাষ্ট্র আমাদের নিশ্চিত করবে এটাই বিধান। 

“আমরা যখন সকলের সহযোগিতায় অহিংস একটি সভার ডাক দিয়েছি, রাষ্ট্রযন্ত্র সহযোগিতা করবে এটাই নিয়ম। কিন্তু আমাদের বাধাগ্রস্ত করা হলো।” 

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। সেদিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে জাতীয় পার্টিও ছিল।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম দফার সংলাপেও জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়। তবে পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর বিরোধিতা করতে থাকলে পরিস্থিতি পাল্টে যায়।

জি এম কাদের বলেন, “জাতীয় পার্টি নিবন্ধিত দল, আমরা বেআইনি কোনো দল নই।”

তিনি বলেন, “গত চল্লিশ বছর ধরে সব সময়ই আমরা জনগণের সঙ্গে ছিলাম, এখনও আছি, আমাদের দল জনগণের দল। যদি কেউ হুমকি দিয়ে থাকে আমাদের প্রটেকশন দেওয়া সরকারের দায়িত্ব ছিল। 

“আমি মনে করি, সরকার এই দায়িত্বটি সঠিকভাবে পালন করছে না। এটা আমাদের জন্য দু:খের।”

২০২৪ সালের ৩১ অক্টোবর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

এই ঘটনার আগে আগে ফেইসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টিকে উদ্দেশ করে লেখেন, “এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।”

এরপর ওই বছরের ২ নভেম্বর খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা হয়।

জিএম কাদের বলেন, “আমাদের কাছে মনে হচ্ছে আমরা বৈষম্যের স্বীকার হচ্ছি। আমাদের উপর অত্যাচার অনাচার করা হচ্ছে, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। 

“যেখানে আমরা বৈষম্যবিরোধী আন্দোলন করে বৈষম্য মুক্ত সমাজ গড়বো সেখানে আমরা আবার সেই বৈষম্যের শিকার হচ্ছি।” 

অন্তর্বর্তী সরকারের প্রধানকে ‘সবাই’ মেনে নিলেও তিনি ‘অনেককে মেনে নিতে পারছেন না’ অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “আজকে যারা উনার ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ তারা বিভিন্নভাবে দেশকে বিভাজনের চেষ্টায় লিপ্ত আছে।”

সংক্ষিপ্ত সমাবেশ শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয়নগর পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।