২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ভবনের প্রবেশপথে বসল ‘জেনারেল এম এ জি ওসমানী গেট’ নামফলক

এম এ জি ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এবং স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 01:20 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

জাতীয় সংসদ ভবনের মূল ভবনের প্রবেশপথে ‘জেনারেল এম এ জি ওসমানী গেট’ নামফলক বসানো হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের শেরেবাংলা নগর বিভাগ ১-এর নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদ সচিবালয় থেকে আদেশ পেয়ে বুধবার রাতে গেটে নামফলক বসানো হয়েছে।”

সংসদ ভবনের মূল ভবনে সদস্যদের যাতায়াতের এই প্রবেশপথের ওপর মেরুন রঙের বড় নামফলকে সাদা অক্ষরে লেখা হয়েছে, ‘জেনারেল এম এ জি ওসমানী গেট’।

গেটের সামনে নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা রয়েছে। সেখানে টার্নস্টাইল, স্ক্যানিং পয়েন্ট এবং শুধু সংসদ সদস্যদের প্রবেশের নির্দেশনাসংবলিত সাইনবোর্ড দেখা গেছে। ভেতরে সভা ও অতিথি কার্ড প্রদর্শনসংক্রান্ত আরেকটি নির্দেশনাও টাঙানো রয়েছে।

সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, বুধবার রাতেই নামফলক বসানোর কাজ শেষ করা হয়েছে।

এর ফলে সংসদ ভবনের এই মূল প্রবেশপথটি এখন থেকে ‘জেনারেল এম এ জি ওসমানী গেট’ নামে পরিচিত হবে।

এম এ জি ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এবং স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধান। ১৯৭২ সালের এপ্রিলে তিনি অবসর নেন এবং মন্ত্রিসভায় যোগ দেন।