২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা: বিক্ষোভ দমনের তথ্য প্রকাশ চায় জাতিসংঘ

কোনো প্রকার দেরি না করে ইন্টারনেট ব্যবহারের পূর্ণ সুযোগ নিশ্চিত করার আহ্বানও রেখেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান।

কোটা: বিক্ষোভ দমনের তথ্য প্রকাশ চায় জাতিসংঘ
জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2024, 12:59 AM

Updated : 10 Sep 2026, 12:12 PM

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ দমনে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাই কমিশনার তুর্ক বলেন, “ভয়াবহ সহিংসতার খতিয়ান আসার মধ্যে গত সপ্তাহে বিক্ষোভকারীদের ওপর ক্র্যাকডাউনের পূর্ণ তথ্য দ্রুততার সঙ্গে প্রকাশ করতে আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

তুর্কের ভাষ্য- সর্বশেষ খবরে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সরকারি নীতির বিরুদ্ধে ছাত্র ও তরুণদের বিক্ষোভে ১৭০ জনের অধিক মানুষ নিহত হয়েছেন এবং এক হাজারের বেশি আহত হয়েছেন। 

আহতদের মধ্যে অনেককে চিকিৎসা সেবা না দেওয়ার অভিযোগ তুলে তুর্ক বলেন, “অনেকে এখনও নিখোঁজ আছেন।”

তিনি বলেন, কমপক্ষে দুজন সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। বিরোধীদলীয় ব্যক্তিসহ শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

তার মতে, পরিবারগুলোর কল্যাণের জন্য যারা নিহত, আহত বা আটক হয়েছে, তাদের তথ্য দেওয়া সরকারের জন্য আবশ্যকীয়।

কোনো প্রকার দেরি না করে ইন্টারনেট ব্যবহারের পূর্ণ সুযোগ নিশ্চিত করার আহ্বানও রেখেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান।

সরকারের প্রতি ভলকার তুর্ক বলেন, “সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের জন্য সরকারকে আহ্বান জানাই। এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতা দিতে আমার কার্যালয় প্রস্তুত আছে।”

এদিকে এক বিবৃতিতে কানাডা সরকার বলেছে, “গত সপ্তাহে বাংলাদেশে ছাত্র বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের জনগণ যে সহিংসতার মুখোমুখি হয়েছে, তাতে আমরা ব্যথিত। ঘটনার শিকার ব্যক্তি ও তাদের পরিবার এবং এর ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমাদের ভাবনায় তারা রয়েছেন। কেননা, আমরা শান্তিপূর্ণ সমাধান ও মানবাধিকারের প্রতি সম্মানের বিষয়ে সমর্থন জুগিয়ে থাকি।”

বিবৃতিতে বলা হয়, “যারা গ্রেপ্তার হয়েছেন এবং বেদনাবিধুর ঘটনার জন্য যারা জড়িত, তাদের সবার বিষয়ে যেন ন্যায় বিচারের প্রক্রিয়া নিশ্চিত করা হয়। বাংলাদেশের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করতে থাকব।”

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ের প্রথম দিক থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সেই আন্দোলন ১৫ জুলাই থেকে সহিংসতায় রূপ নেয়। ২১ জুলাই পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষে প্রাণ যায় প্রায় দুইশ মানুষের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সর্বাত্মক সমর্থন দেয় বিএনপি ও তাদের সমমনা কয়েকটি রাজনৈতিক দল। পরের কয়েকদিন নজিরবিহীন সহিংসতা, প্রাণহানি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতারা বলছেন, এই আন্দোলনকে সরকার পতনের জন্য ব্যবহার করতে চেয়েছিল বিএনপি-জামায়াত। বিএনপি নেতারা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।