২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর, ময়মনসিংহ ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে, অধ্যাদেশ অনুমোদন

“এই কর্তৃপক্ষ গঠনের পর বেশ কিছু উন্নয়ন কাজ স্থানীয় প্রশাসন থেকে উন্নয়ন কর্তৃপক্ষের কাছে চলে যাবে,” বলেন প্রেস সচিব।

রংপুর, ময়মনসিংহ ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে, অধ্যাদেশ অনুমোদন
ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক। ছবি: পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2025, 08:52 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

পরিকল্পিত নগরায়নের লক্ষ্য ধরে গঠন করা হচ্ছে রংপুর, ময়মনসিংহ ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ এ সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন করেছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক হয়।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের তথ্য তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগীয় শহরকে কেন্দ্র করে উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে পৃথক তিনটি অধ্যাদেশ জারি করা হবে।

“এই কর্তৃপক্ষ গঠনের পর বেশ কিছু উন্নয়ন কাজ স্থানীয় প্রশাসন থেকে উন্নয়ন কর্তৃপক্ষের কাছে চলে যাবে। যেমনিভাবে ঢাকার দুই সিটি এলাকায় ভবনের নকশা, জমির শ্রেণি পরিবর্তনসহ বেশ কিছু কাজের ক্ষমতা রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) হাতে।”

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ছাড়াও চট্টগ্রাম, খুলনা, গাজীপুর ও সিলেট উন্নয়ন কর্তপক্ষ রয়েছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও পায়রা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়ার খবর সংবাদমাধ্যমে আসে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপিত প্রতিবেদনে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের বিষয়ে বলা হয়, “একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার জন্য আশু ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান থাকায় এবং জাতীয় সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে বিধায় ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া প্রণীত হয়েছে।”

প্রতিবেদন বলা হয়েছে, ময়মনসিংহ ও এর সন্নিহিত এলাকার সমন্বয়ে একটি পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার স্বার্থে এই কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

ওই অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ন রোধ, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, তথ্য-প্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার লক্ষ্য তুলে ধরা হয় প্রতিবেদনে।

খসড়া অধ্যাদেশে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, এর দায়িত্ব ও কার্যাবলী; মহাপরিকল্পনা প্রণয়ন এবং এর ভিত্তিতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন; ভূমি ক্রয় বা লিজ গ্রহণের ক্ষমতা, ভূমি অধিগ্রহণের ক্ষমতা, উন্নয়ন ফি ধার্যের ক্ষমতা; মহাপরিকল্পনা পরিপন্থি ভূমি ব্যবহারের দণ্ড, ইমারত নির্মাণ, জলাধার খনন, নিচু ভূমি ভরাট বা প্রাকৃতিক জলাশয়ের পানিপ্রবাহ বাধাগ্রস্ত করা, খেলার মাঠ, উদ্যান, প্রাকৃতিক জলাধারের শ্রেণি পরিবর্তন ইত্যাদি বিষয়ে বিধি-নিষেধ আরোপের বিধান যুক্ত করা হয়েছে।

উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণের দণ্ড, অননুমোদিত নির্মাণাধীন স্থাপনা অপসারণ ও এতে বসবাসকারীদের উচ্ছেদের বিধান এ অধ্যাদেশে যুক্ত করা হয়েছে।

সেই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের ইমারত নির্মাণের অনুমতি দেওয়া নিষিদ্ধ করা এবং উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্য বা কোনো কর্মচারী কর্তৃক উন্নয়ন কর্তৃপক্ষের শেয়ার, স্বার্থ বা চুক্তিতে অংশগ্রহণে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।