২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যুত্থানের বর্ষপূর্তি: শিশুরা আঁকল আন্দোলনের ছবি

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মিরপুর ডিওএইচএসের শিশু-কিশোররা অংশ নেয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2025, 04:11 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে জুলাই অভ্যুত্থানের এক বছর পুর্তি উদযাপন করছে ঢাকার মিরপুর ডিওএইচএস ইয়ুথ সোসাইটি। 

এই আয়োজনে মিরপুর ডিওএইচএস পরিষদ সহযোগিতা করছে। 

মঙ্গলবার বেলা ১১টায় মিরপুর ডিওএইচএসের বৈকালী হ্রদে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মিরপুর ডিওএইচএসের বিভিন্ন বয়সের শিশু-কিশোররা অংশ নেয়। তারা জুলাই অভ্যুত্থান নিয়ে নানা ধরনের চিত্রকর্ম ক্যানভাসে ফুটিয়ে তোলে।

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আরিফা জাফরিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ ৩৬ জুলাই। গত বছরের জুলাইয়ে নিজেদের অধিকার আদায়ের জন্য তরুণ সমাজ জীবন দিয়েছিল, ঠিক একাত্তরের মতই। নিজেদের রক্তের বিনিময়ে তারা অধিকার ফিরে পায়। স্বৈরাচারের শাসন থেকে সবাই মুক্তি পায়। সেই বিষয়টি আমি ছবিতে তুলে ধরেছি। এছাড়া আমাদের বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেছি।”

এই শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাইনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ ৫ অগাস্ট, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আজকের এই দিনে স্টুডেন্টরা জয়ী হয়েছিল। আমি এই বিষয়টার ওপর আঁকছি।”

জুলাই আন্দোলন ‘ব্যক্তিগত স্বার্থে নয়, জাতীয় স্বার্থে হয়েছিল’ মন্তব্য করে মিরপুর ডিওএইচএস পরিষদের মহাব্যবস্থাপক (প্রশাসন) হান্নান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ কারণে অন্যদের পাশাপাশি ডিওএইচএসের বাসিন্দারাও ওই আন্দোলনে অংশ নিয়েছিলেন।

“এটা যে শুধু ডিফেন্সের হাউজিং তা না, এখানে বেসামরিক আরও অনেক লোকজন থাকে। সবাই আন্দোলনে অংশ নেয়। মিরপুর ডিওএইচএসে আন্দোলন শুরু হলে অন্যান্য ডিওএইচএসও এতে সংহতি জানায়, ফলে আন্দোলন শক্তিশালী হয়। ওই আন্দোলনকে স্মরণ করতে, নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই আজকের এই আয়োজন।”

মিরপুর ডিওএইচএস ইয়ুথ সোসাইটির সদস্য রিশাত করিম আহনাফ বলেন, গত বছরের ১৮ জুলাই ডিওএইচএসের প্রধান ফটকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। 

“সে সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর আক্রমণ চালায়। সে সময় আমাদের অভিভাবকরাও আমাদের পাশে দাঁড়ান। আন্দোলন চালিয়ে যেতে বলেন। আমরা সেই বিষয়টিকে স্মরণ করতেই আজকের আয়োজন করেছি।” 

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের টানা দেড় দশকের শাসনের ইতি ঘটে। দেশ ছেড়ে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশে সরকারি ছুটি পালিত হচ্ছে।

এ দিন মানিক মিয়া এভিনিউয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।