২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবতাবিরোধী অপরাধ: কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৮ জানুয়ারি

১৬ আসামিকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2025, 12:25 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের’ সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের জড়িত থাকার অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ পড়েছে আগামী ৮ জানুয়ারি।

ট্রাইব্যুনাল-১ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

এ মামলায় গ্রেপ্তার ১৭ জনের মধ্যে ১৬ জনকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মো. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম,  দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, শাজাহান খান, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিম, সাবেক সচিব মো. জাহাংগীর আলম ও অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। গ্রেপ্তার অপর আসামি ফারুক খান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ১৭ জনসহ এ মামলার আসামি মোট ৪৫ জন।

গত বছরের ১৭ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।