টেলিফোন কথোপকথন যাচাই ‘যথেষ্ট’ নয়: ট্রাইব্যুনালে হাসিনার আইনজীবী
“জামায়াত-শিবিরকে জঙ্গি বলেননি। জঙ্গি তো দেশে আছে,” বলেন তিনি।
জুলাই আন্দোলন চলাকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ কয়েকজনের টেলিফোন কথোপকথন যাচাই ‘যথেষ্ট’ নয় বলে মনে করেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।
মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে তা যাচাই করা দরকার ছিল।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ এই মামলার যুক্তিতর্ক চলছে।
গত ১০ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দান, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের’ মোট পাঁচ অভিযোগে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ যুক্তিতর্ক উপস্থাপন শেষে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম।
এ মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ইতোমধ্যে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষে শেখ হাসিনার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন আইনজীবী আমির হোসেন; মঙ্গলবার ছিল তার দ্বিতীয় দিন।
এ ট্রাইব্যুনালের অপর দুই বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
যুক্তিতর্ক উপস্থাপনকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি অডিও কথোপকথনে বিভিন্ন নির্দেশনার বিষয়ে বক্তব্য দেন তার আইনজীবী।
‘কমান্ড রেসপনসিবিলিটির’ প্রশ্নে এক পর্যায়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, প্রাণঘাতি অস্ত্র, ড্রোন, হেলিকপ্টার ব্যবহারের নির্দেশনা দিয়েছেন।
এর জবাবে হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেন, এই অডিওগুলো শুধু সিআইডি দিয়ে পরীক্ষা করা হয়েছে। এটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। প্রয়োজন ছিল আন্তর্জাতিকভাবে এগুলো পরীক্ষা করানো।
তখন ট্রাইব্যুনালের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারক বলেন, বিবিসি, আল জাজিরা পরীক্ষা করেছে। কী কারণে অন্য নিরপেক্ষ কোনো প্রতিষ্ঠান দিয়ে পরীক্ষা করতে হবে?
আমির হোসেন জবাবে বলেন, সৃষ্টির শুরু থেকেই যখন কাজীর বিচার শুরু হয়, তখন থেকেই তৃতীয় নিরপেক্ষ সাক্ষ্য দিয়ে সত্যতা যাচাই করা হয়ে আসে। এটা নিয়ম, তবে আদালত চাইলে একজনের মতামত নিয়েও সিদ্ধান্ত দিতে পারেন।
তখন তৃতীয় নিরপেক্ষ কোনো সাক্ষ্যের বিষয়ে আসামির এই আইনজীবী সাক্ষীকে জেরার সময় বিষয়টি উত্থাপন করেননি তুলে ধরে বিচারক বলেন, আপনি তো প্রতিবেদনে ঘাটতি থাকার বিষয়টি তোলেননি। এটা আপনি বলতে পারতেন।
আমির হোসেন বলেন, “আমি বলতে পারতাম। বলি নাই বলে মাননীয় আদালত তো কভার করতে পারেন, সুযোগ আছে। মাননীয় আদালত যদি মনে করেন তাহলে তো বিবেচনা করতে পারেন।”
“আমরা তো মনে করছি না,” বলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান।
হেলিকপ্টার থেকে গুলি করার বিষয়ে একটি ভিডিও সাক্ষ্য নেওয়ার সময় ট্রাইব্যুনালে দেখানো হয়।
এই বিষয়ে আমির হোসেন বলেন, “একটি হেলিকপ্টার উড়তে দেখা গেছে। তবে ওই হেলিকপ্টার থেকে কে গুলি করেছে, ওই গুলিতে কে মারা গেছে, আদৌ কেউ মারা গেছে কিনা, তা বোঝা যায় না।”
দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারক বলেন, বিএনপি, জামায়াতের লোকজনকে জঙ্গি আখ্যা দিতে বলা হয়েছে।
এর জবাবে শেখ হাসিনার আইনজীবী বলেন, “জামায়াত-শিবিরকে জঙ্গি বলেননি। জঙ্গি তো দেশে আছে। জামায়াতে জঙ্গি থাকতে পারে। শেখ হাসিনা তো জঙ্গি দমনে ভালো ভূমিকা পালন করেছেন। জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে।
বুধবার ফের দিন রেখে বিকালে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি করা হয়। ওইদিনও আসামির এই আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করবেন।
