২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছে: অর্থ উপদেষ্টা

“তারা যদি সৎ আর নিষ্ঠাবান হতেন, এই পরিণতি হত না,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 09:55 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

অসৎ উপায়ে বিত্তশালী হলেও যে তাতে মঙ্গল নেই, শিক্ষার্থীদের সেই কথা মনে করিয়ে দিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সৎ চর্চার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, “ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা নিয়ে নিজেকে গড়ে তুলতে হবে। কেবল পড়াশুনা করলেই চলবে না, সততা চর্চা করতে হবে।

“এখন হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছে। তারা যদি সৎ আর নিষ্ঠাবান হতেন, এই পরিণতি হত না।”

শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটিতে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নতুন কমিটির অভিষেক ও ছাত্র বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়া এখনো অনুন্নত। এই জেলার উন্নয়ন হয়নি। এর জন্য জেলার প্রতিষ্ঠিত ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির সভাপতি এম এ খালেক ও সাধারণ সম্পাদক খালেদা হোসেন মাহবুব শ্যামল বক্তব্য দেন।