Published : 21 Oct 2024, 06:37 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্তি এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে সাড়ে পাঁচ ঘণ্টা সড়ক আটকে বিক্ষোভের পর সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে রাস্তা ছেড়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১১টা থেকে তারা রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি শুরু করেন। তাদের অবস্থানের কারণে ব্যস্ত ওই সড়কসহ আশেপাশের অন্যান্য সড়কেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সাড়ে পাঁচ ঘণ্টা পর বিকাল সাড়ে ৪টার দিকে দাবি বাস্তবায়নে সময় বেঁধে দিয়ে সড়ক থেকে তারা সরে যান।
শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনের সমন্বয়ক ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আগামী ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আজকের (সোমবার) মত আন্দোলন শেষ করছি।
“এর মাঝে দাবি মানা না হলে আগামী বুধবার আবারও আন্দোলনে নামা হবে।”
সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা সকাল ১০টার পর থেকে ঢাকা কলেজে মূল ফটকে জড়ো হতে শুরু করেন, পরে একটি অংশ নীলক্ষেত মোড়ে এবং আরেকটি অংশ সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
এর আগে রোববার মধ্যরাতে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ ও বাঙলা কলেজের শিক্ষার্থীরা।
রাত ১২টার দিকে আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীদের একটি দল ঢাকা কলেজের নর্থ হল ক্যাম্পাসে অবস্থান নিতে শুরু করেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের সংখ্যাও বাড়তে থাকে। পরে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল করতে করতে নীলক্ষেত হয়ে ইডেন কলেজের সামনের রাস্তায় অবস্থান নেন। সেখান থেকে আজিমপুর বাসস্ট্যান্ড হয়ে পলাশী আবাসিক এলাকায় যায় শিক্ষার্থীদের মিছিলটি।
এরপর সকালে আবার তাদের কর্মসূচি শুরু হয়। দুপুরে নীলক্ষেত মোড়ে ‘টু জিরো টু ফোর-অ্যাফিলিয়েটেড নো মোর’, ‘শিক্ষা না বাণিজ্য- শিক্ষা শিক্ষা’, ‘ঢাবির প্রহসন মানি না মানব না’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তি পাক’-সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
ঢাকা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান ইব্রাহীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপাতত সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আজকের মত আন্দোলন কর্মসূচি স্থগিত করেছি। দাবি না মানলে ২৩ অগাস্ট সকাল থেকে কঠোর আন্দোলনে যাব। তখন লাগাতার অবরোধ কর্মসূচি থাকবে।”
আরও পড়ুন-
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়কে ৭ কলেজের শিক্ষার্থীরা